জুন ১৪, ২০২৬, ০৫:৫৮ পিএম
উচ্চমাধ্যমিক পরীক্ষা ২০২৬ সুষ্ঠু, স্বচ্ছ ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও তত্ত্বাবধায়কদের জন্য ৩৫ দফা জরুরি নির্দেশনা জারি করা হয়েছে। আজ রোববার ১৪ জুন ২০২৬ তারিখে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের দাপ্তরিক ওয়েবসাইটে প্রকাশিত এক বিশেষ চিঠিতে এই কঠোর নির্দেশনাসমূহ প্রকাশ করা হয়।
বোর্ডের আওতাধীন সব পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শীর্ষ কর্মকর্তাদের কাছে ইতিমধ্যে এই নির্দেশনা সংবলিত চিঠি পাঠানো হয়েছে।আসন্ন উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্রের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতেই মূলত এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।নতুন নির্দেশনা অনুযায়ী নিয়মিত পরীক্ষার্থীরা ২০২৬ সালের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড অনুমোদিত পূর্ণাঙ্গ সিলেবাসের ভিত্তিতে পরীক্ষায় অংশ নেবে। অন্যদিকে অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীরা ২০২৫ সালের অনুমোদিত সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্রে পরীক্ষা দেবে।
প্রতিদিন সকাল ১০টা এবং দুপুর ২টায় এই পরীক্ষা শুরু করার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। প্রশ্ন ফাঁসের ঝুঁকি এড়াতে পরীক্ষা শুরুর তিন দিন আগে ট্রেজারি বা নিরাপদ লকারে সংরক্ষিত প্রশ্নপত্র পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করতে হবে এবং এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, কেন্দ্র সচিব ও পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যদের সশরীরে উপস্থিত থাকতে হবে।পরীক্ষার দিনগুলোতে অত্যন্ত সতর্কতার সাথে থানা বা ট্রেজারি হতে ট্যাগ ও পুলিশ প্রহরাসহ প্রশ্নপত্রের প্যাকেট কেন্দ্রে নিয়ে আসতে হবে।
মোবাইল ফোনে সেট কোডের বার্তা পাওয়ার পর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে ফয়েল প্যাকেটে স্বাক্ষর করে তা খোলা হবে। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যতীত অন্য কেউ মোবাইল ফোন বা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। এছাড়া পরীক্ষা কেন্দ্রে ক্লোজড সার্কিট ক্যামেরা বা সিসিটিভি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে এবং পরীক্ষার্থীরা কেবল কাঁটাযুক্ত সাধারণ ঘড়ি নিয়ে কক্ষে প্রবেশ করতে পারবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন