সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনার ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ২৫, ২০২৬, ০৬:০৫ পিএম

শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনার ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী

জাতীয় রাজনীতি ও শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কারের প্রত্যয় ব্যক্ত করে শিক্ষামন্ত্রী ডক্টর আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, সরকার জোর করে ক্ষমতায় থাকতে চায় না, তবে যতদিন দায়িত্বে থাকবে ততদিন সিংহের মতো থাকবে। বৃহস্পতিবার সকালে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। 

আসন্ন উচ্চমাধ্যমিক ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বরিশাল অঞ্চলের আওতাধীন পরীক্ষা কেন্দ্রগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে এই সভার আয়োজন করা হয়।বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন শিক্ষামন্ত্রী।পরীক্ষায় অনিয়ম ও প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে শিক্ষামন্ত্রী জানান, এবার দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রশ্ন ফাঁসের মতো জঘন্য অপরাধের সাথে কেউ জড়িত হলে তাকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে যা সে সারা জীবন মনে রাখবে। 

তিনি আশ্বস্ত করেন যে দেশে নকলের সংস্কৃতি ইতিমধ্যে পুরোপুরি বন্ধ হয়ে গেছে এবং এখন মূল লক্ষ্য শিক্ষার গুণগত মান উন্নয়ন করা। এই লক্ষ্যে দেশের সকল জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সাথে সমন্বিত বৈঠক করা হয়েছে এবং পাবলিক পরীক্ষার ফল প্রকাশের পর দ্রুত ভর্তি প্রক্রিয়া শেষ করে বিশ্ববিদ্যালয়গুলোর সেশনজট সম্পূর্ণ নিরসন করা হবে।উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য এস এম সরফুদ্দিন আহমেদ সান্টু, বিভাগীয় কমিশনার খলিল আহমেদ এবং রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমান। 

এছাড়া বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন এবং জেলা পরিষদ প্রশাসক আকন কুদ্দুসুর রহমান উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, এবার বরিশাল বিভাগের ১৫০টি কেন্দ্রে ৬০ হাজারের বেশি পরীক্ষার্থী উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নেবে।উচ্চশিক্ষা প্রসঙ্গে মন্ত্রী স্পষ্ট জানান, চার বছরের কোর্স চার বছরেই শেষ করতে হবে এবং দায়িত্ব পালনে ব্যর্থ হলে উপাচার্যদের স্বেচ্ছায় সরে দাঁড়াতে হবে।