জুলাই ২৫, ২০২৬, ১২:৫৬ পিএম
খাগড়াছড়িগামী একটি লোকাল বাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগে মোহাম্মদ জসিম নামের এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন যাত্রীরা।এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে বাসের ভেতরে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। মামলার এজাহার সূত্রে জানা যায়, বাসের জানালার পাশে বসা ওই শিক্ষার্থীর পেছনের সিটে বসা ছিলেন অভিযুক্ত মোহাম্মদ জসিম।
সিগারেটের ছাই ফেলার অজুহাতে তিনি শিক্ষার্থীর শরীরে অপ্রীতিকরভাবে স্পর্শ করেন। শিক্ষার্থী তাৎক্ষণিকভাবে এর প্রতিবাদ জানালে অভিযুক্ত তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন শুরু করেন। একপর্যায়ে বাসের অন্যান্য যাত্রীরা প্রতিবাদে অংশ নিলে হাটহাজারী এলাকায় তাকে বাস থেকে নামিয়ে দেওয়া হয়।
তবে পরিস্থিতি শান্ত না হয়ে উল্টো জটিল রূপ নেয়। কিছুক্ষণ পর ফটিকছড়ির একটি বাসস্ট্যান্ডে সিএনজিচালিত অটোরিকশায় করে এসে ওই অভিযুক্ত পুনরায় একই বাসে ওঠেন। এরপর তিনি ওই শিক্ষার্থীকে আবারও শারীরিকভাবে হেনস্তা ও চুল ধরে টান দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থী জানান, বারবার বাধা দেওয়া সত্ত্বেও অভিযুক্ত তার ওপর চড়াও হন।
বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের যোগাযোগবিষয়ক সম্পাদক ইসহাক ভূঁঞা জানান, যাত্রীদের সময়োপযোগী হস্তক্ষেপে অভিযুক্তকে আটক করা সম্ভব হয়েছে। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল আলম খান নিশ্চিত করেছেন যে এই ঘটনায় থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন