জুলাই ৩০, ২০২৬, ১১:২১ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক শিক্ষার্থীকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের বা রাকসুর সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মারসহ নয় জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে। আদালত অভিযোগটি আমলে নিয়ে ঘটনাটি তদন্ত করার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন বা পিবিআইকে নির্দেশ দিয়েছেন।
গত বুধবার রাজশাহীর মতিহার থানা আমলি আদালতে ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা এই অভিযোগ দায়ের করেন।মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ছাব্বিশে জুলাই দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ও ভেতরে একদল যুবক ছুরি, রড, বেলচা ও বাঁশের লাঠি নিয়ে ওই শিক্ষার্থীর ওপর অতর্কিত হামলা চালায়। অভিযোগে বলা হয়, রাকসু জিএস সালাউদ্দিন আম্মার লোহার রড দিয়ে শিক্ষার্থীর মাথা ও কপালে সজোড়ে আঘাত করেন।
এ ছাড়া অন্য অভিযুক্তরাও রড ও দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করেন।ঘটনার পর উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা আহত শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে অভিযুক্তরা বাধা দেয় এবং জোরপূর্বক অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে পুনরায় মারধর করে বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
পরবর্তীতে সহপাঠীদের সহায়তায় তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।আদালত সূত্র জানিয়েছে, বাদীর দেওয়া অভিযোগটি গুরুত্বের সঙ্গে গ্রহণ করে বিস্তারিত তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন