মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬,

হাবিপ্রবিতে বর্ণিল আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

মো: মামুনুর রশিদ

আগস্ট ১৮, ২০২৬, ০৪:২২ পিএম

হাবিপ্রবিতে বর্ণিল আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ গড়ার প্রত্যয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বা হাবিপ্রবিতে বর্ণিল আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপিত হয়েছে। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। প্রশাসনিক ভবনের সামনে থেকে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যার নেতৃত্বে বের হওয়া একটি বর্ণাঢ্য র‍্যালি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

র‍্যালিতে শিক্ষার্থীরা দেশীয় ঐতিহ্যবাহী সাজে সজ্জিত হয়ে মৎস্যসম্পদ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন। প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা মৎস্যসম্পদ সংরক্ষণ বিষয়ক এক সচেতনতামূলক নাটিকা পরিবেশন করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. নওশের ওয়ান ও ট্রেজারার প্রফেসর ড. এম. মো. মাসুদুল হাসান খানসহ অনুষদের ডীন, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা বলেন, দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক সমৃদ্ধিতে মৎস্য খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মৎস্য উৎপাদন বৃদ্ধি, রোগ ব্যবস্থাপনা ও উন্নত জাত উদ্ভাবনে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং গবেষণার ক্ষেত্র আরও প্রসারিত করার ওপর জোর দেন। হাবিপ্রবির শিক্ষক ও গ্র্যাজুয়েটদের গবেষণালব্ধ জ্ঞান মাঠপর্যায়ে মৎস্যচাষি ও উদ্যোক্তাদের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।