রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

অনিয়মের কারণে একাদশে শিক্ষা কোটায় ভর্তি কার্যক্রম স্থগিত ঘোষণা।

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২১, ২০২৫, ০৬:২৬ পিএম

অনিয়মের কারণে একাদশে শিক্ষা কোটায় ভর্তি কার্যক্রম স্থগিত ঘোষণা।

ছবি - সংগৃহীত

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষা কোটা-২-এর (ইকিউ-২) কার্যক্রম স্থগিত করা হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হাইকোর্ট বিভাগের একটি রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই কোটায় ভর্তিতে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠার পর এই পদক্ষেপ নেওয়া হলো।ভর্তির নীতিমালা অনুযায়ী, শিক্ষা কোটা-২ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন সরকারি স্কুল-কলেজ ও কার্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের সন্তানদের জন্য নির্ধারিত ছিল।

তবে অভিযোগ উঠেছে যে, পৃথক কোটা হওয়া সত্ত্বেও অধীন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের অনেকেই শিক্ষা কোটা-১-এ (যা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের জন্য) আবেদন করে নির্বাচিত হয়েছেন। এই অনিয়মের কারণে একজন আবেদনকারী হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সকল কলেজ অধ্যক্ষকে চিঠি দিয়ে এ সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১০ আগস্ট জারি করা অনলাইন আবেদনের নীতিমালা অনুযায়ী শিক্ষা কোটা-২ এর ভর্তি কার্যক্রম স্থগিত করা হলো। এই পদক্ষেপের ফলে হাজার হাজার শিক্ষার্থীর ভাগ্য অনিশ্চয়তার মুখে পড়ল, যারা এই কোটায় ভর্তির জন্য নির্বাচিত হয়েছিলেন। এ বিষয়ে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত ভর্তি কার্যক্রম বন্ধ থাকবে।