মো. হামিম রানা
সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০৩:২৭ পিএম
ছবি-দিনাজপুর টিভি
ঠাকুরগাঁওয়ের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান রাণীশংকৈল ডিগ্রি কলেজে বাংলা বিষয়ে শিক্ষার্থীদের আগ্রহ ও উচ্ছ্বাস দিন দিন বাড়ছে। এর কারণ, বাংলা বিভাগের অভিজ্ঞ প্রভাষক প্রশান্ত কুমার বসাক-এর প্রাণবন্ত ও আধুনিক পাঠদান পদ্ধতি।
বুধবার (২৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে জানা যায়, প্রশান্ত কুমার বসাক দীর্ঘ ২৩ বছর ধরে এই কলেজে বাংলা সাহিত্য ও ভাষা পড়িয়ে আসছেন।

তিনি শুধু একজন শিক্ষকই নন, বরং বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও কেন্দ্রের সংবাদ পাঠক, নাট্যশিল্পী ও আবৃত্তিকার হিসেবেও বেশ পরিচিত। তার এই বহুমুখী প্রতিভা ক্লাসের পরিবেশকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
শিক্ষার্থী সানজিদা সুবর্ণা বলেন, "স্যার খুব সুন্দর করে ক্লাস নেন এবং মাঝেমধ্যে গান শোনান। এতে ক্লাসে এক ধরনের প্রাণচাঞ্চল্য তৈরি হয়।" আরেক শিক্ষার্থী পাতা আক্তার জানান, "স্যারের কবিতা আবৃত্তি অসাধারণ। তার পাঠদান কৌশল ক্লাসকে আরও আনন্দময় করে তুলেছে।"
শিক্ষার্থীরা আরও জানায়, প্রশান্ত কুমার বসাক কেবল পড়ানই না, বরং তাদের সাহিত্য ও সংস্কৃতির প্রতি আগ্রহী করে তোলেন। তার ক্লাসে পড়াশোনার পাশাপাশি নাটক, আবৃত্তি, সংগীত এবং সমসাময়িক বিষয় নিয়েও আলোচনা হয়। এতে বাংলা ক্লাস আর শুধু পড়ার মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং তা হয়ে ওঠে শিক্ষণীয় ও আনন্দময়।