সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০৮:৩০ পিএম
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ১৯ অক্টোবরের মধ্যে প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড।সোমবার (২৯ সেপ্টেম্বর, ২০২৫) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে থাকা অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এই তথ্য জানান।
কামাল উদ্দিন হায়দার বলেন, "এখনো খাতা দেখার কাজ চলছে। তিনবার পরীক্ষা পিছিয়েছে। এতে খাতা মূল্যায়নে শেষ করতে দেরি হচ্ছে।" তবে তিনি আশা প্রকাশ করেন, "খুব শিগগিরই খাতাগুলো বোর্ডে চলে আসবে। এরপর ফলাফল তৈরি করে প্রকাশ করা হবে। আশা করছি ১৯ অক্টোবরের মধ্যেই ফল প্রকাশ করা সম্ভব হবে।"
পরীক্ষা শেষ: চলতি বছরের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা গত ১৯ আগস্ট শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত।
পরীক্ষার্থী: এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
আইন অনুযায়ী ফল প্রকাশ: পাবলিক পরীক্ষা আইন অনুযায়ী, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়।
পরীক্ষা শুরুর কথা ছিল গত ২৬ জুন, কিন্তু কয়েক দফা পিছিয়ে দেওয়ায় পরীক্ষা শেষ হতে কিছুটা বিলম্ব হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন