রকিবুল হাসান মুন্না
অক্টোবর ১৪, ২০২৫, ১১:১৯ পিএম
ছবি-দিনাজপুর টিভি
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কর্তৃপক্ষ তাদের নাম ও লোগো ব্যবহার করে খোলা একাধিক ফেসবুক পেজ, গ্রুপ এবং অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। এসব অননুমোদিত প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয় সংক্রান্ত বিভ্রান্তিকর ও ভুল তথ্য প্রচার হচ্ছে, যা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে বলে প্রশাসন জানিয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানিয়েছে যে, বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল তথ্য কেবল তাদের নিজস্ব এবং অফিশিয়াল ফেসবুক পেজের মাধ্যমেই প্রচার করা হয়। অননুমোদিত কোনো প্ল্যাটফর্মের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো সম্পর্ক নেই।
এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিশ্ববিদ্যালয়ের ১১৫তম সিন্ডিকেট সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহার করে পরিচালিত সকল অননুমোদিত ফেসবুক পেজ, গ্রুপ ও অ্যাকাউন্টের এডমিন এবং মডারেটরদেরকে তাদের নাম ও মোবাইল নম্বরসহ প্রয়োজনীয় তথ্য আগামী ২৩ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরে জমা দিতে অনুরোধ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কঠোরভাবে সতর্ক করে দিয়েছে যে, নির্ধারিত সময়ের মধ্যে তথ্য জমা না দিলে সংশ্লিষ্ট এডমিন-মডারেটরদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও সুনাম রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।