অক্টোবর ২০, ২০২৫, ১১:১৮ এএম
দেশজুড়ে সাম্প্রতিক ভয়াবহ ও ধারাবাহিক অগ্নিকাণ্ডের পর এবার নড়েচড়ে বসেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। অধিদপ্তরের অধীন সকল সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এবং মাঠপর্যায়ের শিক্ষা অফিসগুলোতে অগ্নিদুর্ঘটনা এড়াতে জরুরি সতর্কতা জারি করা হয়েছে।
রোববার (১৯ অক্টোবর) অধিদপ্তরের প্রশাসন শাখার সহকারী পরিচালক মো. খালিদ হোসেনের সই করা এক নির্দেশনায় বলা হয়, সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের শিক্ষাপ্রতিষ্ঠান বা অফিস ত্যাগ করার আগে অবশ্যই নিজ নিজ কক্ষের সব বৈদ্যুতিক সুইচ, লাইট, ফ্যান ও কম্পিউটার বন্ধ করা নিশ্চিত করতে হবে। পাশাপাশি, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি)-এর প্লাগ অবশ্যই খুলে রাখতে হবে।
নির্দেশনায় অফিস ত্যাগের আগে এসব বিষয় ভালোভাবে যাচাই করে সতর্কতামূলক ভূমিকা পালনের জন্য সকল শিক্ষক ও কর্মকর্তাকে অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, গত এক সপ্তাহে রাজধানীতে মিরপুরের ভয়াবহ আগুনে ১৬ জনের মৃত্যু, চট্টগ্রামের ইপিজেডে সাড়ে ১৭ ঘণ্টা ধরে জ্বলা আগুন এবং সর্বশেষ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ২৭ ঘণ্টা ধরে জ্বলা আগুনের ঘটনায় দেশজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নিরাপদে রাখতে এই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হলো।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন