সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

প্রাথমিকে শিক্ষক নিয়োগে আসছে বড় বিজ্ঞপ্তি

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৭, ২০২৫, ০৮:৪৫ পিএম

প্রাথমিকে শিক্ষক নিয়োগে আসছে বড় বিজ্ঞপ্তি

দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষক পদে বড় ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি আসছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান জানিয়েছেন, আগামী নভেম্বর মাসেই এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে তারা আশাবাদী।সোমবার (২৭ অক্টোবর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিজ কার্যালয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-কে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

মহাপরিচালক বলেন, সারা দেশে এই মুহূর্তে ১৩ হাজার ৫০০ সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। শিক্ষক নিয়োগ বিধিমালাটি হাতে পেলেই নিয়োগ বিজ্ঞপ্তির প্রক্রিয়া শুরু করা হবে। তিনি আশা প্রকাশ করে বলেন, 'খুব অল্প সময়ে, অর্থাৎ নভেম্বর মাসেই আমরা বিজ্ঞপ্তি দিতে পারব।'

এর বাইরেও প্রাথমিক শিক্ষায় দীর্ঘদিনের একটি বড় সমস্যার জট খুলতে যাচ্ছে বলে জানান মহাপরিচালক। তিনি বলেন, 'এই মুহূর্তে ৩২ হাজার সহকারী শিক্ষক চলতি দায়িত্বে অথবা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। এটা নিঃসন্দেহে তাদের জন্য খুব যন্ত্রণাদায়ক।'

তিনি জানান, পদগুলো শূন্য থাকার পরও একটি মামলার কারণে এই শিক্ষকরা পদোন্নতি পাচ্ছেন না। মহাপরিচালক আশা প্রকাশ করে বলেন, 'আশা করছি খুব অল্প সময়ে এ মামলার রায় হয়ে যাবে। এর ফলে এই ৩২ হাজার প্রধান শিক্ষকের পদ আমরা পূরণ করতে পারব।'

এই পদোন্নতি প্রক্রিয়া সম্পন্ন হলে সহকারী শিক্ষকের আরও ৩২ হাজার পদ স্বয়ংক্রিয়ভাবে শূন্য হবে। মহাপরিচালক জানান, এরপর সেই ৩২ হাজার পদেও আবারও নতুন শিক্ষক নিয়োগ দেওয়া যাবে। ফলে সব মিলিয়ে প্রাথমিকে একটি বড় সংখ্যক শিক্ষক নিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে।