অক্টোবর ২৭, ২০২৫, ১০:২৮ পিএম
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা বিতরণের নিয়মে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে উপবৃত্তির অর্থ কেবল ‘নগদ’ মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে নয়, বরং অভিভাবকদের পছন্দের যেকোনো মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠানের হিসাবে পাঠানো হবে। এর ফলে বিকাশ, নগদ, রকেট, উপায় ও এমক্যাশের মতো সব প্রতিষ্ঠানই উপবৃত্তি বিতরণে সমান সুযোগ পাবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সম্প্রতি এই সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশ দিয়েছে। এর আগে, অধিদপ্তর ডাক অধিদপ্তর ও ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ লিমিটেডের সঙ্গে সম্পাদিত ত্রিপক্ষীয় একক চুক্তিটি বাতিল করে।গত ২৯ সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পাঠানো এক চিঠিতে বলা হয়, অর্থ বিভাগের নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য না থাকা এবং ‘নগদ’ লিমিটেড কর্তৃক চুক্তিপত্রের সব শর্ত যথাযথভাবে পালন করতে না পারার কারণে এই চুক্তি বাতিল করা হয়েছে।
এই পরিবর্তনের পর উপবৃত্তির টাকা বিতরণ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য গত ১২ অক্টোবর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এমএফএস প্রতিষ্ঠানগুলোর সঙ্গে একটি আলোচনা সভায় বসে। সেই সভায় মন্ত্রণালয়ের কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং ১৩টি এমএফএস প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গত ২৬ অক্টোবর থেকে দেশের সব মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠানের মাধ্যমে প্রাথমিক শিক্ষা উপবৃত্তি বিতরণের আনুষ্ঠানিক নির্দেশনা জারি করে। এর ফলে এখন থেকে উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকেরা তাদের নিজেদের পছন্দের যেকোনো মোবাইল ব্যাংকিং হিসাবে উপবৃত্তির অর্থ গ্রহণ করতে পারবেন।
তবে, উপবৃত্তির টাকা পাওয়ার ক্ষেত্রে সুবিধাভোগী শিক্ষার্থীদের অভিভাবকদের অবশ্যই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দ্বারা নিবন্ধিত মোবাইল সিম ও এমএফএস হিসাব ব্যবহার করতে হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। নতুন এই সিদ্ধান্ত সম্পর্কে শিক্ষার্থী ও অভিভাবকদের অবহিত করার জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন