অক্টোবর ২৭, ২০২৫, ১০:৪৮ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। সূচি অনুযায়ী, আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই এ বছরের ভর্তি পরীক্ষা শুরু হতে পারে।সোমবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে এই সম্ভাব্য সময়সূচির তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঘোষিত সম্ভাব্য সময়সূচি অনুযায়ী, চারুকলা অনুষদভুক্ত ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ৫ ডিসেম্বর। এরপর, বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৩ ডিসেম্বর।
বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর। পরবর্তী বছর, অর্থাৎ ২০২৬ সালের ৯ জানুয়ারি সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষা এবং ২০২৬ সালের ২৩ জানুয়ারি কলা ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘অনেক বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে তাদের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। আমরাও তাই একটি সম্ভাব্য তারিখ ঘোষণা করেছি। তবে, এই তারিখ এখনো চূড়ান্ত নয়।’
তিনি আরও জানান, ‘আগামী বুধবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের মিটিং অনুষ্ঠিত হবে। সেই মিটিংয়ে আলোচনার ভিত্তিতেই ভর্তি পরীক্ষার তারিখ ও সময়সূচি চূড়ান্ত করা হবে এবং এরপর তা আনুষ্ঠানিকভাবে সবাইকে জানানো হবে।’


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন