নভেম্বর ২৯, ২০২৬, ০৩:৫০ পিএম
চাঁদপুরের কচুয়ায় ‘প্রকৃতির পাঠশালা’ নামে একটি শ্রেণিকক্ষ নির্মাণ করা হয়েছে। জেলা প্রশাসকের উদ্যোগে কচুয়া উপজেলা সদরের কচুয়া পাইলট উচ্চ বিদ্যালয় ও কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পুকুর পাড়ে ৪০ ফুট দৈর্ঘ্য ও ২০ ফুট প্রস্থের এই শ্রেণিকক্ষ নির্মাণ করা হয়।
শনিবার জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার ‘প্রকৃতির পাঠশালা’ উদ্বোধন করেন। কচুয়া উপজেলা নির্বাহী অফিসার ইবাদত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ইউসুফ হাসান প্রমুখ।
জেলা প্রশাসক বলেন, এটি শুধু শ্রেণিকক্ষ নয়, এটি মুক্ত চিন্তার জায়গা। এখানে শিক্ষার্থীরা প্রকৃতির সঙ্গে মিশে, খেলতে খেলতে, শিখতে পারবে। জেলা প্রশাসক আরও বলেন, শিক্ষার্থীরা এখানে প্রকৃতিকে ছুঁয়ে, মাটিকে ভালোবেসে শিখবে। প্রকৃতির সান্নিধ্যে পড়াশোনার মাধ্যমে তাদের সৃজনশীলতা বৃদ্ধি পাবে। শিশুরা যাতে আনন্দের সঙ্গে শিখতে পারে সেজন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ইবাদত হোসেন বলেন, এই উদ্যোগের মধ্য দিয়ে শিক্ষার্থীদের প্রকৃতির কাছাকাছি নিয়ে যাওয়া হবে। শ্রেণিকক্ষের বাইরে খোলামেলা পরিবেশে শেখার অভিজ্ঞতা তাদের মানসিক বিকাশে সহায়ক হবে।
উদ্বোধন শেষে উপস্থিত অতিথিরা ‘প্রকৃতির পাঠশালা’ ঘুরে দেখেন। পরে পুকুর পাড়ে গাছের চারা রোপণ করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মোশাররফ হোসেন, জামায়াতের আমির মো. শাহজাহান মিয়া, সাংবাদিক মো. জিসান আহম্মেদ নান্নু, জয়নাল আবেদীন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. আনোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আলী আশরাফ খান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. কামরুজ্জামান, উপজেলা প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, কচুয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানসহ শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন