রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬,

তামাকমুক্ত তারুণ্য গড়ার তাগিদ মাহদী আমিনের

শিক্ষা ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৬, ০৪:০৮ পিএম

তামাকমুক্ত তারুণ্য গড়ার তাগিদ মাহদী আমিনের

গ্রামের মাঠে ফুটবল খেলছে শিশুরা। প্রতীকী ছবি। ছবি: উইকিমিডিয়া কমন্স

তামাকমুক্ত তারুণ্য গড়তে তরুণ প্রজন্মকে উদ্ভাবন, সংস্কৃতি, খেলাধুলা ও সহশিক্ষামূলক কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।

রোববার বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে ইয়ুথ ফোরাম অ্যাগেইনস্ট টোব্যাকো আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘তামাকের ক্ষতি থেকে তরুণদের সুরক্ষা : করণীয়’ শীর্ষক এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মাহদী আমিন বলেন, তরুণদের তামাক থেকে দূরে রাখতে কেবল মৌখিক বক্তব্য নয়, বরং তাদের ইতিবাচক কাজে সম্পৃক্ত করতে হবে।

উদ্ভাবন, সংস্কৃতি, খেলাধুলা ও সহশিক্ষামূলক কার্যক্রমে তরুণদের অংশগ্রহণ বাড়াতে হবে।

উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের প্রায় ৩০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করা হচ্ছে।

তামাকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের জন্য পোস্টার, লিফলেট, আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার মতো নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তামাক নিয়ন্ত্রণ ও তরুণ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকারের পাশাপাশি পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ করে উপদেষ্টা বলেন, এ বিষয়ে সচেতনতা বাড়াতে শিক্ষক ও অভিভাবকদেরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের অবস্থানের কথা উল্লেখ করে মাহদী আমিন বলেন, তিনি স্পষ্টভাবে চান তারুণ্য যেন তামাকের ক্ষতি থেকে মুক্ত থেকে সুস্থ ও স্বপ্নপূরণে আত্মনিবেদিত থাকে।

এ ছাড়া আগামী ডিসেম্বর থেকে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হবে।

এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে তামাকবিরোধী নানা কর্মসূচি পরিচালনা করা হচ্ছে।

শিক্ষা ব্যবস্থার সংস্কার প্রসঙ্গে তিনি জানান, আগামী জানুয়ারিতে শুরু হতে যাওয়া নতুন শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থী বিনামূল্যে নতুন পাঠ্যবই পাবে।

পাঠ্যবইয়ে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য, মূল্যবোধ ও সুস্থ জীবনযাপনের বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে।

উচ্চশিক্ষা ও দক্ষতা উন্নয়নের উদ্যোগ তুলে ধরে উপদেষ্টা বলেন, শিক্ষকদের জন্য ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব’ কর্মসূচি, শ্রেণিকক্ষগুলোকে মাল্টিমিডিয়া ক্লাসরুমে রূপান্তর এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফ্রি ওয়াইফাই সুবিধা নিশ্চিত করা হচ্ছে।

উচ্চশিক্ষায় যেকোনো বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ‘মূল্যবোধ ও নীতিমালা’ এবং ‘ব্যক্তিগত ও পেশাগত উন্নয়ন’ নামে দুটি বিষয় বাধ্যতামূলক করা হচ্ছে, যেখানে সুনাগরিক হওয়ার পাশাপাশি তামাক থেকে দূরে থাকার বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে।

বাল্যবিবাহ, এসিড সন্ত্রাস বা শিশুশ্রম প্রতিরোধের মতো তরুণ প্রজন্মকে তামাকের ছোবল থেকে বাঁচাতে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেন তিনি।

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং অ্যান্টি-টোব্যাকো উইমেন এমপিস ফোরামের ভাইস-চেয়ারপার্সন মাহমুদা হাবিবা, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনকোলজি বিভাগের অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসেন প্রমুখ।