ডিসেম্বর ২৩, ২০২৫, ১১:২১ এএম
দক্ষিণী সিনেমার দাপট আর ওটিটির জোয়ারের মাঝেও ২০২৫ সালে বলিউড তার শক্ত অবস্থান জানান দিয়েছে। তবে আসল ধামাকা অপেক্ষা করছে ২০২৬ সালে। নতুন বছরে রুপালি পর্দা কাঁপাতে প্রস্তুত শাহরুখ খান, সালমান খান, হৃতিক রোশন এবং রণবীর কাপুরদের মতো মহাতারকাদের একগুচ্ছ বিগ বাজেট সিনেমা।
ফ্র্যাঞ্চাইজি সিক্যুয়েল থেকে শুরু করে ঐতিহাসিক বায়োপিক—সব মিলিয়ে ২০২৬ সাল হতে যাচ্ছে বক্স অফিসে ‘বিস্ফোরণের’ বছর। শুধু বলিউড নয়, টলিউডেও দেব-জিৎ-শিবপ্রসাদদের হাত ধরে আসছে দারুণ সব চমক।
২০২৬ সালের বলিউডের সবচেয়ে আলোচিত সিনেমা: সবচেয়ে বেশি চর্চায় রয়েছে নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’, যেখানে রামের ভূমিকায় দেখা যাবে রণবীর কাপুরকে।
এরপরই রয়েছে শাহরুখ খানের ‘কিং’ যেখানে প্রথমবারের মতো বাবা-মেয়ে হিসেবে শাহরুখ ও সুহানা খান একসাথে স্ক্রিন শেয়ার করবেন। হৃতিক রোশনের ‘কৃশ ৪’, অক্ষয়-সুনীল-পরেশের বহু প্রতীক্ষিত ‘হেরা ফেরি ৩’ এবং অজয় দেবগনের ‘দৃশ্যম ৩’ নতুন বছরে দর্শকদের নস্টালজিয়া উসকে দেবে। সালমান খান ফিরছেন দেশাত্মবোধক সিনেমা ‘ব্যাটেল অফ গালওয়ান’ নিয়ে। এছাড়া সঞ্জয় লীলা বানশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ (রণবীর-আলিয়া-ভিকি) এবং প্রভাসের ‘ফৌজি’ নিয়েও দর্শকদের আগ্রহ তুঙ্গে।
টলিউডের রাজকীয় প্রস্তুতি: কলকাতার সিনেমা জগতেও ২০২৬ সাল হবে বড় বাজেটের বছর। দেবের ঝুলিতে রয়েছে ‘খাদান ২’ এবং ‘প্রজাপতি ৩’। অন্যদিকে জিৎ হাজির হচ্ছেন অনন্ত সিংয়ের বায়োপিক ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ নিয়ে। উইন্ডোজ প্রোডাকশন থেকে আসছে ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘ফ্যামিলিওয়ালা’। এছাড়া বছরের আলোচিত সিনেমা ‘বহুরুপী ২’ মুক্তির কথা রয়েছে পুজোর মৌসুমে। ভালোবাসা দিবসে রাহুল মুখোপাধ্যায়ের ‘মন মানে না’ দিয়ে শুরু হবে রোমান্টিক আবহের নতুন যাত্রা।
সব মিলিয়ে ২০২৬ সাল হতে যাচ্ছে ভারতীয় চলচ্চিত্রের জন্য এক স্বর্ণালী বছর। বিগ বাজেট থ্রিলার, অ্যাকশন, দেশাত্মবোধক থেকে শুরু করে ধামাল-এর মতো কমেডি—সব ধরণের মশলাদার বিনোদনে ঠাসা থাকবে আগামী ১২ মাস। এখন দেখার বিষয়, বড় পর্দার এই অসম লড়াইয়ে শেষ হাসি হাসেন কোন সুপারস্টার এবং কোন সিনেমাটি ভেঙে দেয় আগের সব বক্স অফিস রেকর্ড।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন