ডিসেম্বর ২৩, ২০২৫, ০৩:১৬ পিএম
ঢাকাই সিনেমার একসময়ের প্রতাপশালী খল অভিনেতা এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির অন্যতম পথিকৃৎ আহমেদ শরীফ আবারও সমিতির নেতৃত্বে ফেরার ঘোষণা দিয়েছেন। আসন্ন শিল্পী সমিতি নির্বাচনে তিনি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা পোষণ করেছেন।
বর্তমানে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করলেও শুধুমাত্র নির্বাচনের লক্ষ্যেই তিনি নতুন প্যানেল গোছানোর কাজ শুরু করেছেন।
সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আহমেদ শরীফ তার এই পরিকল্পনার কথা জানান। এক সপ্তাহের সংক্ষিপ্ত সফরে বর্তমানে তিনি দেশে অবস্থান করছেন।
তিনি বলেন, “আমি আমেরিকা থেকে বিশেষ কিছু কাজে দেশে এসেছি। তবে নির্বাচনের আগে আমি অবশ্যই আবার আসব। শিল্পী সমিতির উন্নয়নের জন্য যারা সত্যিকার অর্থে কাজ করতে চান, তাদের নিয়ে একটি শক্তিশালী প্যানেল গঠন করে নির্বাচনে অংশগ্রহণ করব।তিনি আরও যোগ করেন, “সভাপতি পদে লড়ার ইচ্ছা আছে এবং এ নিয়ে সবার সঙ্গে কথা বলছি। তবে এখনো কোনো প্যানেল চূড়ান্ত হয়নি। আশা করছি, কয়েক দিনের মধ্যেই এই বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত জানাতে পারব।
উল্লেখ্য, আহমেদ শরীফ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তিনি এই সংগঠনের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন। পরবর্তীতে তিনি তিনবার সাধারণ সম্পাদক এবং রেকর্ড চারবার সভাপতির দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ বিরতির পর তার এই নির্বাচনী ময়দানে ফেরার ঘোষণা চলচ্চিত্র পাড়ায় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন