জানুয়ারি ১, ২০২৬, ০৪:৫১ পিএম
২০২৫ সালকে বিদায় জানিয়ে ২০২৬ সালের নতুন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই দর্শকদের জন্য নতুন বিনোদনের ডালি সাজিয়েছে টেলিভিশন চ্যানেলগুলো। সেই ধারাবাহিকতায় নতুন বছরের প্রথম দিনেই (১ জানুয়ারি) মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে তারকাবহুল নতুন ধারাবাহিক নাটক ‘বিশ্বাস বনাম সরদার’।
জনপ্রিয় নাট্যকার বৃন্দাবন দাশের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ।নাটকটি প্রতি সপ্তাহে রবিবার থেকে বৃহস্পতিবার রাত ৮:৩০ মিনিটে প্রচারিত হবে।
এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ও মৌসুমী হামিদ। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন প্রাণ রায়, জয়রাজ, ফারজানা ছবি, শাহনাজ খুশি, দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতি, লাবণ্য লিজা, তাবাসসুম মিথিলা, জাবেদ গাজী, মাসুম বাশার, শিরিন আলম প্রমুখ।
উত্তরবঙ্গের একটি বর্ধিষ্ণু গ্রামের পটভূমিতে নির্মিত হয়েছে এই নাটক। গল্পে দেখা যাবে ‘বিশ্বাস’ এবং ‘সরদার’ পদবির দুটি পরিবার পাশাপাশি বসবাস করলেও তাদের মধ্যে সাপে-নেউলে সম্পর্ক। বংশপরম্পরায় চলে আসা এই বৈরিতার কারণে এক বাড়ির ক্ষতি অন্য বাড়ির আনন্দের খোরাক যোগায়। নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গ করতেও তারা পিছপা হয় না। তাদের এই অসুস্থ প্রতিযোগিতা কখনো হাস্যরসের জন্ম দেয়, আবার কখনো ডেকে আনে করুণ পরিণতি।
নাটকটি প্রসঙ্গে পরিচালক সকাল আহমেদ বলেন, “আমাদের গ্রামীণ সমাজের চিরচেনা একটি রূপ উঠে আসবে এই নাটকে। দুটি পরিবারের দ্বন্দ্বের মধ্য দিয়ে সমাজের নানা অসংগতি যেমন তুলে ধরা হবে, তেমনই মানবিক ও সুন্দর বার্তাও থাকবে। আশা করি, দর্শকরা নাটকটি উপভোগ করবেন।”


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন