সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

নতুন বছরে ভীষণ পজিটিভ থাকার চেষ্টা করব: কণা

বিনোদন ডেস্ক

জানুয়ারি ১, ২০২৬, ০৫:৪২ পিএম

নতুন বছরে ভীষণ পজিটিভ থাকার চেষ্টা করব: কণা

বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে বর্তমানে দর্শকপ্রিয়তা ও আলোচনার শীর্ষে রয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী দিলশাদ নাহার কণা। বিশেষ করে ‘দুষ্টু কোকিল’ গানটি তাঁর ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছে। ২০২৪ সালের জুন থেকে ২০২৫-এর পুরো সময়টা জুড়ে তিনি ছিলেন তুঙ্গে। সেই সাফল্যের রেশ টেনেই ২০২৬ সালে পা রাখলেন এই মিষ্টি কণ্ঠের গায়িকা।

আগামীতে কী করবেন, তা নিয়ে খুব একটা ছক বা পরিকল্পনা নেই কণার। তিনি মনে করেন, পরিকল্পনার বাইরেও জীবনে অনেক কিছু ঘটে। তবে ২০২৬ সাল নিয়ে তাঁর ভাবনার জায়গায় এসেছে কিছুটা পরিবর্তন।

নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে কণা বলেন,সত্যি বলতে কী পরিকল্পনা করে আমার কখনো কাজ করা হয় না। তবে যে কাজই আসুক—হোক সেটা নতুন গান, টিভি শো, স্টেজ শো বা প্লে-ব্যাক, আমি তা ঠিকঠাক মতো করার চেষ্টা করি।

আমি আমার কাজটা শতভাগ সততার সঙ্গেই করার চেষ্টা করেছি আজীবন।নিজের নতুন প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও বলেন, এখন থেকে সব বিষয়ে আরও ভীষণ পজিটিভ থাকার চেষ্টা করব। মানুষ হিসেবে আরও ভালো মানুষ হবার চেষ্টা করব—এটাই আমার প্রত্যয়।চয়নিকা চৌধুরী পরিচালিত ‘বিশ্ব প্রেমিক’ সিনেমায় গান গেয়ে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান কণা। তবে ‘তুফান’ সিনেমায় তাঁর গাওয়া ‘দুষ্টু কোকিল’ গানটি প্রকাশের পর রীতিমতো হইচই পড়ে যায়।

গানটি তাঁকে রাতারাতি আলোচনার শীর্ষে নিয়ে আসে এবং স্টেজ শোতে তাঁর ব্যস্ততা বহুগুণ বাড়িয়ে দেয়। কণার ক্যারিয়ারে অনেক হিট গান থাকলেও এই গানটি সব হিসাব-নিকাশ বদলে দিয়েছে।শুধু শিল্পী হিসেবেই নন, ব্যক্তিমানুষ হিসেবেও কণা অনন্য। প্রচারবিমুখ এই শিল্পী নীরবে মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ান, যা অনেকেরই অজানা। দান বা সহযোগিতার বিষয়গুলো তিনি সাধারণত আড়ালেই রাখতে পছন্দ করেন।