সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

অতীতের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন রাভিনা

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২৮, ২০২৬, ০৪:০২ পিএম

অতীতের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন রাভিনা

তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের সুযোগ নিয়ে অনেক সময় সংবাদমাধ্যম এমন কিছু ভিত্তিহীন খবর প্রকাশ করে যা সংশ্লিষ্ট তারকার জন্য চরম মানসিক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়। নব্বইয়ের দশকের জনপ্রিয় বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন সম্প্রতি তেমনই এক তিক্ত ও ভয়াবহ অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন। 

অভিনেত্রী জানান যে ক্যারিয়ারের শুরুর দিকে একবার কোনো ধরনের সত্যতা যাচাই না করেই তার নিজের আপন ভাইকে তার প্রেমিক হিসেবে প্রচার করেছিল একটি নামী ম্যাগাজিন। এই ঘটনাটি তার পরিবারকে মানসিকভাবে পুরোপুরি বিপর্যস্ত করে দিয়েছিল। 

সেই যন্ত্রণাদায়ক স্মৃতির কথা বলতে গিয়ে রাভিনা বলেন যে হঠাৎ একদিন ম্যাগাজিনে প্রকাশিত একটি নিবন্ধে তিনি দেখেন সেখানে লেখা হয়েছে এক সুদর্শন যুবক প্রতিদিন তাকে শুটিং সেটে পৌঁছে দেয়। 

বিষয়টি নিয়ে কেউ তার কোনো বক্তব্য নেওয়ার প্রয়োজন বোধ করেনি এবং কোনো বাছবিচার ছাড়াই তার নিজের ভাইকে প্রেমিক ভেবে নিয়ে মুখরোচক খবর ছাপানো হয়েছিল। এই মিথ্যা ও কাল্পনিক খবরে রাভিনা প্রচণ্ড অপমানিত বোধ করেছিলেন। তিনি আরও জানান যে সেই খবরের জেরে তার মা-বাবা এতটাই লজ্জিত ও ব্যথিত হয়েছিলেন যে তারা কয়েকদিন খাওয়া-দাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছিলেন। পরিবারের এমন অবস্থা দেখে রাভিনা নিজেও রাতের পর রাত ঘুমাতে পারেননি এবং কান্নায় ভেঙে পড়েছিলেন। 

শুধু ভাইয়ের সঙ্গে জড়িয়ে এই গুজবই নয় বরং ক্যারিয়ারজুড়ে ব্যক্তিগত জীবন নিয়ে বহুবার নির্দয় কাটাছেঁড়ার শিকার হতে হয়েছে এই অভিনেত্রীকে। বলিউডের অন্দরে একসময় জোর গুঞ্জন ছিল যে সহ-অভিনেতা অজয় দেবগনের সঙ্গে গভীর প্রেমে জড়িয়েছিলেন রাভিনা। পরবর্তীতে শোনা যায় যে কারিশমা কাপুরের কারণে সেই সম্পর্কে ফাটল ধরে এবং অজয় নাকি রাভিনার সঙ্গে প্রতারণা করেছিলেন। যদিও অজয় দেবগন কখনোই প্রকাশ্যে এই সম্পর্ক বা বিচ্ছেদ নিয়ে কোনো মন্তব্য করেননি তবুও সেই পুরনো বিতর্কের ক্ষত আজও বয়ে বেড়াচ্ছেন রাভিনা। তারকার পর্দার উজ্জ্বল জীবনের পেছনে মিডিয়ার তৈরি করা এমন সব অন্ধকার অধ্যায় যে কতটা ভয়াবহ হতে পারে রাভিনার এই স্বীকারোক্তি তারই এক জ্বলন্ত প্রমাণ।