রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

প্রধানমন্ত্রীকে নিয়ে কনকচাঁপার আবেগঘন বার্তা

বিনোদন ডেস্ক

ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৬:১৫ পিএম

প্রধানমন্ত্রীকে নিয়ে কনকচাঁপার আবেগঘন বার্তা

অভিনন্দন জানালেন কনকচাঁপা।

দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের পর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান। এই বিশেষ মুহূর্তে তাকে শুভেচ্ছা ও দোয়া জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন বার্তা দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ গ্রহণ করেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অনুভূতি ও শুভকামনা প্রকাশ করেন এই শিল্পী।

নিজের বার্তায় কনকচাঁপা আল্লাহর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে লেখেন যে, সৃষ্টিকর্তা তাকে ও দেশের মানুষকে সম্মানিত করেছেন। তিনি পুরো পৃথিবীকে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হিসেবে অভিহিত করেন এবং আলহামদুলিল্লাহ পাঠ করে কৃতজ্ঞতা জানান। 

একইসঙ্গে তিনি নবনির্বাচিত প্রধানমন্ত্রীর মাধ্যমে বাংলাদেশের সুরক্ষা, সমৃদ্ধি ও সুখ কামনা করেন। কনকচাঁপা তার স্ট্যাটাসে লেখেন যে, আল্লাহ যেন নতুন প্রধানমন্ত্রীর মাধ্যমে দেশকে একটি সুখী ও সমৃদ্ধ জনপদে পরিণত করেন।

উল্লেখ্য যে, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণার পর সাংবিধানিক প্রক্রিয়া শেষে দলটির চেয়ারম্যান তারেক রহমান দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন। 

শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। রাজনৈতিক পটপরিবর্তনের এই গুরুত্বপূর্ণ সময়ে বিনোদন জগতের বিশিষ্ট ব্যক্তিত্বদের এমন ইতিবাচক প্রতিক্রিয়া সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে। দেশের শান্তি ও অগ্রযাত্রা বজায় রাখতে এই প্রার্থনা ও বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।