ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০৩:২৯ পিএম
ছোট পর্দার বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা রাশেদ সীমান্তর আজ জন্মদিন। ১৯৮৮ সালের ২১ ফেব্রুয়ারি রাজধানীর গুলশানের আজাদ মসজিদের কোয়ার্টারে জন্মগ্রহণ করেন তিনি। নিজের অভিনয় শৈলী আর ভিন্নধর্মী গল্পের মাধ্যমে দর্শকদের কাছে একটি শক্তিশালী অবস্থান তৈরি করে নিয়েছেন এই তারকা।
বিশেষ করে বিনোদনের মাধ্যমে সামাজিক বার্তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে রাশেদ সীমান্তর নাটকগুলো দর্শকমহলে বেশ প্রশংসিত এবং গ্রহণযোগ্যতা পেয়েছে।
জন্মদিন পালন প্রসঙ্গে নিজের এক ভিন্নধর্মী দর্শনের কথা জানিয়েছেন এই অভিনেতা। রাশেদ সীমান্ত জানান যে তিনি কখনোই জন্মদিন বিশেষভাবে পালন করেন না। এই দিনটি পরিবারের সঙ্গেই কাটাতে তিনি বেশি পছন্দ করেন। তার মতে, জন্মদিন মানেই জীবন থেকে একটি বছর কমে যাওয়া এবং মৃত্যুর দিকে আরও এক ধাপ এগিয়ে যাওয়া।
এই উপলক্ষ্যে তিনি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন এবং যতদিন বেঁচে থাকবেন সুস্থভাবে যেন মানবকল্যাণে কাজ করে যেতে পারেন সেই প্রার্থনা করেন। অভিনেতা নিজের ও পরিবারের জন্য ভক্তদের কাছে দোয়া চেয়েছেন।২০১৮ সালে ‘যেই লাউ সেই কদু’ নাটকের মাধ্যমে অভিনয়ের জগতে পা রাখেন রাশেদ সীমান্ত। এরপর আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি। গত কয়েক বছরে শতাধিক নাটকে অভিনয় করে তিনি প্রশংসিত হয়েছেন।
বিশেষ করে আঞ্চলিক ভাষায় অভিনয়ের এক অনন্য ধারা তৈরি করেছেন তিনি। তার অভিনীত ‘হাবুর স্কলারশিপ’ নাটকটি দেশের একমাত্র ধারাবাহিক নাটক হিসেবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও মালয়েশিয়ায় শুটিং হয়েছে, যা বর্তমানে বৈশাখী টিভিতে প্রচারিত হচ্ছে। এছাড়া আরটিভিতে তার অভিনীত ‘ঘুরিতেছে পাংখা’ নাটকটিও জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। ক্যারিয়ারের এই অল্প সময়েই তিনি বেশ কিছু দেশি ও আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন