মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬,

ডেভিড ধাওয়ানের সিনেমায় কৃতি শ্যাননের বিশেষ চমক

বিনোদন ডেস্ক

এপ্রিল ১৯, ২০২৬, ০৪:৫৩ পিএম

ডেভিড ধাওয়ানের সিনেমায় কৃতি শ্যাননের বিশেষ চমক

আবারও একসাথে বরুণ-কৃতি

বলিউড প্রেমীদের জন্য বড় চমক নিয়ে হাজির হচ্ছেন পরিচালক ডেভিড ধাওয়ান। তার আসন্ন সিনেমা ‘হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়’ নিয়ে যখন দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে, ঠিক তখনই জানা গেল এক বিস্ফোরক তথ্য। সিনেমার শেষে দর্শকদের জন্য বড় একটি সারপ্রাইজ হিসেবে থাকছেন বলিউড ডিভা কৃতি শ্যানন।

পিঙ্কভিলার এক প্রতিবেদন অনুযায়ী, সিনেমার মূল গল্পের শেষে ‘পোস্ট-ক্রেডিট’ দৃশ্যে বরুণ ধাওয়ানের সাথে একটি বিশেষ হাই-এনার্জি নাচের দৃশ্যে দেখা যাবে কৃতিকে। এই গানটিকে সিনেমার একটি ‘বিগ ফিনালে’ বা বড় সমাপ্তি হিসেবে পরিকল্পনা করা হয়েছে। 

গত ১৬ এপ্রিল, ২০২৬ তারিখে মুম্বাইয়ে গানটির দৃশ্যধারণের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। শুধু বরুণ বা কৃতি নন, এই ধামাকা নাচে তাদের সাথে স্ক্রিন শেয়ার করবেন জনপ্রিয় অভিনেতা ও সঞ্চালক মনিষ পল।

পরিচালক ডেভিড ধাওয়ান এই বিশেষ গানটি নিয়ে বেশ আশাবাদী। তিনি জানান, এটি হবে একটি পিওর পার্টি সং। ড্যান্স ফ্লোরে নিওন আলোর রোশনাই আর দুর্দান্ত বিটের মাধ্যমে দর্শকদের প্রেক্ষাগৃহ থেকে হাসিমুখে বিদায় জানাতেই এই ‘কমেডি টুইস্ট’ যোগ করা হয়েছে।

সিনেমার টিজার ইতিমধ্যে দর্শকদের মাঝে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। টিজারে দেখা গেছে একটি মজার ও জটিল প্রেমের গল্প। ভিন্ন দুই মায়ের দুই শিশু যখন আবিষ্কার করে তাদের বাবার নাম ও জন্মদিন হুবহু এক, তখন থেকেই শুরু হয় মজার যত বিপত্তি। এই ‘ডাবল ট্রাবল’ কমেডি সিনেমায় বরুণের বিপরীতে থাকছেন পূজা হেগড়ে এবং মৃণাল ঠাকুর।এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মৌনি রায়, রোহিত সারাফ, জিমি শেরগিল, চাঙ্কি পান্ডে এবং রাজেশ কুমারসহ আরও অনেকে। সবকিছু ঠিক থাকলে আগামী ২২ মে, ২০২৬ তারিখে সিনেমাটি বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা রয়েছে।

অন্যদিকে, কৃতি শ্যানন ভক্তদের জন্য রয়েছে আরও একটি দারুণ খবর। তাকে দেখা যাবে জনপ্রিয় সিনেমা ‘ককটেল’-এর স্পিরিচুয়াল সিক্যুয়েল ‘ককটেল ২’-এ। হোমি আদাজানিয়া পরিচালিত এই ছবিতে কৃতির সঙ্গী হচ্ছেন শাহিদ কাপুর এবং রাশমিকা মান্দান্না। এই বিগ বাজেট ছবিটি আগামী ১৯ জুন, ২০২৬ তারিখে বিশ্বজুড়ে মুক্তি পাবে।

বর্তমানে কৃতি ও বরুণের এই নতুন প্রজেক্ট নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে বেশ চর্চা শুরু হয়েছে। ‘ভেড়িয়া’র পর আবারও এই জুটিকে পর্দায় দেখার অপেক্ষায় দিন গুনছেন তাদের অনুরাগীরা।