রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

মাকে নিয়ে ঘুরতে গেলেই মিলবে ৩ দিনের ছুটি ও ভাতা

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১০, ২০২৬, ১২:৫১ পিএম

মাকে নিয়ে ঘুরতে গেলেই মিলবে ৩ দিনের ছুটি ও ভাতা

মা দিবস উপলক্ষে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছে ভারতের একটি বেসরকারি প্রতিষ্ঠান। কর্মীদের বাবা-মায়ের সঙ্গে সময় কাটানোর সুযোগ করে দিতে প্রতিষ্ঠানটি তিন দিনের বেতনসহ ছুটি এবং অতিরিক্ত ১০ হাজার রুপি ভাতার ঘোষণা দিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, দিল্লিভিত্তিক একটি মার্কেটিং ও পিআর প্রতিষ্ঠানের সিইও রজত গ্রোভার এই বিশেষ ঘোষণাটি দিয়েছেন। তাঁর এই উদ্যোগের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে রজত গ্রোভার জানান, আধুনিক জীবনের ব্যস্ততায় সন্তানরা অনেক সময় বাবা-মায়ের অপূর্ণ ইচ্ছা ও স্বপ্নের কথা ভুলে যায়। তিনি চান তাঁর কর্মীরা যেন নিজেদের ব্যস্ত জীবন থেকে কিছুটা সময় বের করে বাবা-মায়ের সঙ্গে সম্পর্ক আরও গভীর করেন।

গ্রোভার বলেন, আমরা প্রতিদিন সকালে বের হই এবং রাতে বাসায় ফিরি। অধিকাংশ সময় বাবা-মায়ের স্বাস্থ্যের খবর বা তাঁদের কোনো ইচ্ছা আছে কি না, তা জানতে চাওয়া হয় না। এই দূরত্ব ঘোচাতেই তিনি কর্মীদের তিন দিনের ছুটির ঘোষণা দিয়েছেন।প্রতিষ্ঠানের পক্ষ থেকে কর্মীদের অনুরোধ করা হয়েছে যেন তাঁরা বাবা-মায়ের প্রিয় খাবার বা তাঁরা কোথায় ঘুরতে যেতে চান, তা জেনে নেন। 

রজত গ্রোভার জানান, কর্মীদের বাবা-মায়ের ভ্রমণের টিকিট বুকিং ও আনুষঙ্গিক খরচের জন্য কোম্পানি ১০ হাজার রুপি প্রদান করবে।ভিডিওর ক্যাপশনে তিনি উল্লেখ করেন, বাবা-মায়েরা সারা জীবন কোনো প্রত্যাশা ছাড়াই সন্তানদের জন্য সময় ও স্বপ্ন উৎসর্গ করেন। তাই তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই ছোট উদ্যোগ। সামাজিক যোগাযোগমাধ্যমে এই পদক্ষেপটি ব্যাপক প্রশংসিত হচ্ছে এবং অনেক ব্যবহারকারী অন্য প্রতিষ্ঠানগুলোকেও এমন মানবিক পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছেন।