রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সর্বশেষ আশ্রয় মা: মির্জা ফখরুল

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১০, ২০২৬, ০৫:৪৮ পিএম

জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সর্বশেষ আশ্রয় মা: মির্জা ফখরুল

মা দিবস উপলক্ষে দেশের সব নাগরিককে মায়েদের যথাযোগ্য সম্মান ও তাদের প্রতি কর্তব্য পালনের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মতে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থান হচ্ছেন ‘মা’। রোববার (১০ মে) ‘আন্তর্জাতিক মা দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।

বাণীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশসহ বিশ্বের সকল মায়ের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি তাদের সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন। ফখরুল উল্লেখ করেন যে, যদিও মাকে শ্রদ্ধা জানাতে কোনো নির্দিষ্ট দিন বা ক্ষণের প্রয়োজন হয় না, তবুও স্বতন্ত্রভাবে ভালোবাসা জানাতেই এই দিবসের গুরুত্ব রয়েছে। 

তার মতে, পরিবারে ‘মা’ হচ্ছেন এক অপরিহার্য ও মহিমান্বিত প্রতিষ্ঠান।সন্তানদের ভবিষ্যতে নির্মাণে মায়ের ভূমিকা অনস্বীকার্য বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। 

তিনি বলেন, একজন আদর্শ মায়ের সহচার্যেই সন্তানের প্রকৃত মানবসত্তার জাগরণ ঘটে। নিবেদিতপ্রাণ এই মানুষটি সন্তানদের গড়ে তুলতে সব অর্থেই আপসহীন ও সংগ্রামী থাকেন। সন্তানের প্রতিটি সাফল্যের মূলে মায়ের উদ্যম ও উদ্যোগ মিশে থাকে বলে তিনি উল্লেখ করেন।বাণীতে বিএনপি মহাসচিব মরহুমা বেগম খালেদা জিয়ার কথা বিশেষভাবে স্মরণ করেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালীন নারী সমাজের অগ্রগতির জন্য যে পদক্ষেপ নিয়েছিলেন তা দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে। 

লুণ্ঠিত গণতন্ত্র পুনরুদ্ধারে বিভিন্ন প্রতিকূলতার মুখোমুখি হয়েও তিনি কর্তব্য থেকে বিচ্যুত হননি বলে দাবি করেন ফখরুল।মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া আজ জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে ‘গণতন্ত্রের মা’ হিসেবে সর্বজনশ্রদ্ধেয়। এই বিশেষ দিনে তিনি বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করে দোয়া করেন।

মা দিবসে সব নাগরিকের প্রতি আহ্বান জানিয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, মায়েদের মর্যাদা সম্পর্কে সচেতন থাকা অত্যন্ত জরুরি। সুনাগরিক হিসেবে গড়ে ওঠার প্রধান শর্তই হলো মাকে সম্মান করা। মায়েদের প্রতি যথাযথ কর্তব্য পালনের মাধ্যমেই একটি সুন্দর সমাজ গঠন সম্ভব বলে তিনি তার বাণীতে উল্লেখ করেন।