মে ২২, ২০২৬, ০৯:০০ পিএম
বিশ্বব্যাপী সফল প্রদর্শনের পর এবার বাংলাদেশি দর্শকদের জন্য মুক্তি পেয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র চকোলেট। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ২০ মিনিটের এই বিশেষ চলচ্চিত্রটি এখন ইউটিউবে দেখা যাচ্ছে। শিশু ও নারীদের ওপর চলমান নির্যাতনের বাস্তব চিত্র তুলে ধরে এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন জসীম আহমেদ।এটি দেশে মুক্তির আগেই একটি আন্তর্জাতিক পরিবেশনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সম্পন্ন করে।
অস্কার মনোনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিবেশনার জন্য বিশ্বজুড়ে পরিচিত ব্রিটিশ প্রতিষ্ঠান শর্টস ইন্টারন্যাশনালের মাধ্যমে এটি এর আগে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশে প্রচারিত হয়েছে। পরিচালক জসীম আহমেদ জানান, এই চলচ্চিত্রে এমন কিছু স্পর্শকাতর সামাজিক সংকটকে সামনে আনা হয়েছে যা সচরাচর রুপালি পর্দায় উঠে আসে না। বাংলাদেশে সাম্প্রতিক বিভিন্ন সামাজিক ঘটনার প্রেক্ষাপটে শিশুদের নিরাপত্তা নিয়ে এটি একটি গভীর প্রশ্ন তৈরি করেছে।চলচ্চিত্রটিতে দেশের একঝাঁক জনপ্রিয় ও গুণী অভিনেতা অভিনয় করেছেন।
গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন গোলাম ফরিদা ছন্দা, শতাব্দী ওয়াদুদ, আজিজুল হাকিম এবং শিল্পী সরকার অপু। এর আগে ২০১৭ সালে এই পরিচালকের `দাগ` চলচ্চিত্রটি আমেরিকার মূলধারার টেলিভিশনে প্রদর্শিত হয়েছিল। পরবর্তীতে রোহিঙ্গা সংকট নিয়ে তার নির্মিত প্রামাণ্যচিত্র `অ্যা পেয়ার অব স্যান্ডেলস` একই আন্তর্জাতিক পরিবেশকের মাধ্যমে বিশ্বব্যাপী প্রদর্শিত হয় এবং তুরস্কে সেরা পরিচালকের পুরস্কার লাভ করে। আন্তর্জাতিক বিভিন্ন এয়ারলাইন্স, মোবাইল প্ল্যাটফর্ম ও ভিডিও অন ডিমান্ডের পর এবার দেশের সাধারণ দর্শক এটি দেখার সুযোগ পাচ্ছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন