রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ঈদে মুক্তির মিছিলে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

বিনোদন ডেস্ক

মে ২৩, ২০২৬, ০৫:১৭ পিএম

ঈদে মুক্তির মিছিলে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

আগামী ঈদুল আজহার উৎসবের মুক্তির মিছিলে নতুন সিনেমা হিসেবে যুক্ত হয়েছে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর অভ্যন্তরীণ হল কালচার ও সমসাময়িক ছাত্ররাজনীতির বাস্তব প্রেক্ষাপটকে কেন্দ্র করে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা আকাশ হক। 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির অফিশিয়াল ট্রেলার প্রকাশের মাধ্যমে এই বিশেষ ঘোষণা দেওয়া হয়।প্রেক্ষাগৃহ সংকট তৈরি হলেও বিকল্প উপায়ে উৎসবের দিনেই এটি প্রদর্শিত হবে।

পরিচালক আকাশ হক নিজেই এই স্বাধীন চলচ্চিত্রের প্রযোজনা করেছেন। সিনেমাটির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দেবদ্যুতি আইচ, রকি খান, ববি বিশ্বাস, আখতারুজ্জামান আজাদ, আবু সায়েদ, ইফাদ হাসান ও নিলয় বালাসহ একঝাঁক তরুণ শিল্পী। 

নির্মাতা জানান, এ সিনেমায় ছাত্ররাজনীতির অন্দরমহলের এমন কিছু রূঢ় বাস্তবতাকে প্রাধান্য দিয়ে চিত্রনাট্য তৈরি করা হয়েছে যা সাধারণ মানুষ খুব একটা দেখার সুযোগ পায় না। কেবল ঈদের সময়টাতেই মানুষ দলবেঁধে হলে গিয়ে সিনেমা দেখে, তাই দর্শকদের এই সুস্থ বিনোদন দিতেই উৎসবের দিনটিকে বেছে নেওয়া হয়েছে।চলচ্চিত্রটি ইতিমধ্যে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বেশ প্রশংসিত হয়েছে।

চলতি বছরের ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বাংলাদেশ প্যানারমা বিভাগে সেরা চলচ্চিত্রের মর্যাদা পায় সিনেমাটি। এর বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটি আয়োজিত আমার ভাষার চলচ্চিত্র উৎসবের ২৪তম আসরে এটি সম্মানজনক হীরালাল সেন পদক জিতে নেয়। উৎসবের সাফল্যের পর এবার সাধারণ দর্শকদের মাঝে সিনেমাটি পৌঁছে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন সংশ্লিষ্ট কলাকুশলীরা।