জুলাই ৫, ২০২৬, ০৫:৪৭ পিএম
যুক্তরাষ্ট্রে চলমান ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে আজ রাতে মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও ইউরোপীয় প্রতিপক্ষ নরওয়ে। নকআউট পর্বের এই হাইভোল্টেজ ম্যাচটিকে ঘিরে সাধারণ সমর্থকদের পাশাপাশি বিনোদন অঙ্গনের তারকাদের মাঝেও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। প্রিয় দলের এই গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি এবং জনপ্রিয় সংগীতশিল্পী পড়শী।
ম্যাচটি নিয়ে দুই তারকার পোস্টে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন দুই মেজাজ।অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি ম্যাচে নিজের প্রিয় দল ব্রাজিলকে নিয়ে বেশ আত্মবিশ্বাসী। নিজের ফেসবুক পেজে ব্রাজিলের জার্সি পরা একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ম্যাচের টেনশন? সেটা নরওয়ে করবে, আমি তো চিল করছি! হিমির এই পোস্টের নিচে ভক্তরা নানা ধরনের মন্তব্য করেছেন। কেউ তার আত্মবিশ্বাসের প্রশংসা করেছেন, আবার কেউ নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডের কথা মনে করিয়ে দিয়ে ব্রাজিল ভক্তদের সতর্ক করেছেন।
হিমির এমন ফুরফুরে মেজাজের বিপরীত অবস্থানে দেখা গেছে সংগীতশিল্পী পড়শীকে। ফেসবুকে ব্রাজিলের জার্সি পরে কোলে ফুটবল নিয়ে বসা একটি ছবি পোস্ট করে তিনি কিছুটা সংশয় প্রকাশ করে লিখেছেন, জিতবো আজ? তার এই প্রশ্নের জবাবে ভক্তরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকে আশাবাদী মন্তব্য করলেও, একদল ফুটবলপ্রেমী ব্রাজিল দলের বর্তমান পারফরম্যান্স নিয়ে ট্রল করতেও ছাড়েননি।
বাংলাদেশ সময় আজ দিবাগত রাত ২টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামবে দুই দল। বিশ্বকাপের এই রোমাঞ্চকর লড়াইটি সরাসরি উপভোগ করতে বাংলাদেশের বিনোদন অঙ্গনের তারকাদের মতো সাধারণ ভক্তদের চোখও থাকবে মাঠের এই মহাযুদ্ধের দিকে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন