জুলাই ১০, ২০২৬, ০৯:০২ পিএম
জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর ‘চ্যাপ্টার ১৩’ নিয়ে দর্শকদের আগ্রহের শেষ নেই। ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’-তে মুক্তি পাওয়া নতুন এই কিস্তিতে যুক্ত হয়েছেন নতুন এক মুখ। ধারাবাহিকের নিয়মিত কলাকুশলীদের সঙ্গে এই পর্বে অভিনয় করছেন নেপালি অভিনেত্রী রাজেশ্রী থাপা। নির্মাতার ভাষ্যমতে, এই চরিত্রের নাম ‘কিরান’ এবং তার অন্তর্ভুক্তি গল্পে নতুন মাত্রা যোগ করবে।দর্শকদের মাঝে এই নতুন চরিত্রটি নিয়ে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।
নির্মাতা কাজল আরেফিন অমি তার ভেরিফায়েড ফেসবুক পেজে রাজশ্রীর ছবি পোস্ট করে লিখেছেন, ‘ব্যাচেলর পয়েন্ট-এর নতুন আগুন, কিরান।’ এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রীকে নিয়ে প্রশংসার বন্যা বইছে। রাজশ্রী নিজেও নিজের সোশ্যাল হ্যান্ডেলে ছবি প্রকাশ করে বাংলাদেশি দর্শকদের শুভেচ্ছাবার্তা জানিয়েছেন। তিনি জানান, বাংলাদেশের দর্শকদের জন্য কাজ করতে পারাটা তার জন্য দারুণ এক অভিজ্ঞতা।

ধারাবাহিকটির এই পর্বগুলোর শুটিং হয়েছে নেপালে। মারজুক রাসেল, চাষি আলম, জিয়াউল হক পলাশ ও শামীম হাসান সরকারসহ ব্যাচেলর পয়েন্টের মূল টিমকে নিয়ে বেশ কিছু চমকপ্রদ দৃশ্যের শুটিং করা হয়েছে সেখানে। নেপালের মনোরম লোকেশন ছাড়াও গল্পে থাকছে নতুন বাঁক। তবে এবারের গল্পের অন্যতম প্রধান আকর্ষণ হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা।

পরিচালক অমি জানিয়েছেন, ব্যাচেলর পয়েন্টের চিরচেনা চরিত্রগুলোকে দর্শক এবারের পর্বে ব্রাজিল ও আর্জেন্টিনার জার্সি গায়ে দেখতে পাবেন। নতুন এই নেপালি অভিনেত্রীর আগমন এবং বিশ্বকাপের আমেজ—সব মিলিয়ে সিজন ফাইভের নতুন চ্যাপ্টারগুলো দর্শকদের বেশ আনন্দ দেবে বলে আশা করা হচ্ছে। জনপ্রিয় এই ধারাবাহিকটির প্রতিটি পর্ব প্রকাশের পরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেন্ডিংয়ে উঠে আসে, এবারও তার ব্যতিক্রম হবে না বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন