আগস্ট ১৮, ২০২৬, ০৭:১৩ পিএম
গোপনে বিয়ের খবর ছড়িয়ে পড়ায় চরম ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি। প্রকাশিত এসব সংবাদকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর দাবি করে অপপ্রচারের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এই তারকা। সম্প্রতি এক ব্যবসায়ীর সঙ্গে তাঁর গোপনে বিয়ে সম্পন্ন হওয়ার গুঞ্জন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে পুরো বিষয়টি স্পষ্ট করেন পূজা।তিনি জানান, গত কয়েক দিন ধরে বিভিন্ন মাধ্যমে তাঁকে জড়িয়ে একাধিক ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে। বিয়ের গুঞ্জন উড়িয়ে দিয়ে এই অভিনেত্রী জানান, তিনি আগেই একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে পারিবারিকভাবে তাঁর বিয়ে ঠিক করা হয়েছে।
বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে তিনি নিজেই তা অত্যন্ত আনন্দের সঙ্গে সবাইকে জানাবেন। বর্তমানে তিনি নিজেকে সময় দিচ্ছেন এবং নতুন কাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন বলেই ক্যামেরার সামনে অনুপস্থিত রয়েছেন বলে জানান তিনি।কোনো ধরনের তথ্য যাচাই না করে বারবার তাঁকে জড়িয়ে অসত্য সংবাদ প্রকাশ করায় তীব্র অসন্তোষ প্রকাশ করেন পূজা।
তিনি স্পষ্ট ভাষায় জানান, তাঁর এখনও বিয়ে হয়নি এবং ভবিষ্যতে বিয়ে হলে সবাই তা জানতে পারবেন। ভিত্তিহীন সংবাদের সুযোগ নিয়ে যারা অপপ্রচার চালাচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে সতর্ক করেছেন তিনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন