বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬,

তুমি নিজেই সম্পূর্ণ‍‍` পুরস্কার পেয়ে বললেন সাফা কবির

বিনোদন ডেস্ক

সেপ্টেম্বর ১৭, ২০২৬, ০৮:৪৭ পিএম

তুমি নিজেই সম্পূর্ণ‍‍` পুরস্কার পেয়ে বললেন সাফা কবির

ছবি: সংগৃহীত

মিডিয়া জগতে এক যুগেরও বেশি সময় ধরে সফল উপস্থিতির স্বীকৃতি হিসেবে বিশেষ সম্মাননা অর্জন করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী সাফা কবির। নারী হিসেবে কাজের স্বীকৃতিস্বরূপ সম্প্রতি তাকে ‘সম্পূর্ণা পুরস্কার ২০২৬’ প্রদান করা হয়। এই সম্মাননা পেয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি। পুরস্কার প্রাপ্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতির কথা জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সাফা কবির। 

প্রতিটি অর্জনই তাকে আরও কঠোর পরিশ্রম করতে এবং এগিয়ে যেতে শক্তি জোগায় বলে উল্লেখ করেন এই অভিনেত্রী। একই সঙ্গে অন্য নারীদের আত্মবিশ্বাসী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিটি নারী নিজেই সম্পূর্ণ এবং নিজের শক্তি চিনে নিয়ে প্রত্যেকের উচিত নিজের কর্মক্ষেত্র তৈরি ও বিশ্ব জয় করা।

নির্মাতা আশফাক বিপুলের পরিচালনায় এয়ারটেল বাংলাদেশের একটি বিজ্ঞাপনে অভিনয়ের মাধ্যমে বিনোদন মাধ্যমে যাত্রা শুরু করেছিলেন সাফা কবির। পরবর্তীতে প্রাণ পিনাট বার এবং প্যারাসুট নারিকেল তেলের বিজ্ঞাপনে কাজ করে তিনি দ্রুত দর্শকের নজরে আসেন। এরপর অসংখ্য একক নাটক, টেলিফিল্ম ও ধারাবাহিক নাটকে কাজ করে নিজের শক্ত অবস্থান গড়ে তোলেন তিনি। তবে গত কয়েক বছর ধরে ঢালাও কাজ না করে চিত্রনাট্য বাছাইয়ে সতর্কতা বজায় রাখছেন এই শিল্পী।

সর্বশেষ কুরবানির ঈদের নাটকে পর্দায় দেখা গিয়েছিল সাফা কবিরকে, যেখানে তার অভিনীত কাজগুলো দর্শকপ্রিয়তা লাভ করে। সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেও নতুন কোনো নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন কিনা সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।