অক্টোবর ১২, ২০২৫, ০২:১৯ পিএম
সম্প্রতি আবুধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদের ছবি পোস্ট করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। মসজিদের ভেতরে জুতা পরে হাঁটার অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক ও ট্রল। অবশেষে এই বিষয়ে নীরবতা ভেঙে কড়া জবাব দিয়েছেন অভিনেত্রী।
গত শুক্রবার (১০ অক্টোবর) সোনাক্ষী তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আবুধাবির শেখ জায়েদ মসজিদের কয়েকটি ছবি শেয়ার করেন। সাদা পোশাকে মাথায় ওড়না দেওয়া সোনাক্ষীর ছবিগুলো প্রশংসিত হলেও, জুতা পরা নিয়ে প্রশ্ন তোলেন নেটিজেনদের একাংশ। ধর্মীয় স্থানে জুতা পরে প্রবেশ করায় অনেকেই তার সমালোচনা করেন।
ক্রমবর্ধমান ট্রলের মুখে সোনাক্ষী তার মন্তব্যের জবাবে লেখেন, ‘জুতা পরে ঢুকিনি। নির্দিষ্ট জায়গায় জুতা খুলেই ঢুকেছিলাম। এটুকু আমরা জানি। হয়ে গেছে ট্রল করা? এবার আপনার জীবনে এগিয়ে যান।’
এই পরিস্থিতিতে অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন তার ভক্তরা। অনেকে কিছুদিন আগে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের হিজাব পরা নিয়ে সমালোচনার প্রসঙ্গ টেনে এনে দ্বৈত নীতির সমালোচনা করেছেন। তাদের মতে, দুজনকেই দারুণ লাগছিল এবং মানুষকে অকারণে ট্রল করা বন্ধ করা উচিত।
উল্লেখ্য, অভিনেতা জহির ইকবালের সঙ্গে আন্তঃধর্মীয় বিয়ের পর থেকেই সোনাক্ষী সিনহা প্রায়ই সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রে থাকেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন