অক্টোবর ১২, ২০২৫, ০৩:৪৩ পিএম
ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসাধীন ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চনের আরোগ্য কামনা করেছেন সুপারস্টার শাকিব খান। রোববার (১২ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন পোস্টে তিনি ইলিয়াস কাঞ্চনকে ‘মানবতার সৈনিক’ হিসেবে অভিহিত করে তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।শাকিব খান তার পোস্টে লেখেন, “ইলিয়াস কাঞ্চন আমাদের প্রিয় ও শ্রদ্ধাভাজন বড় ভাই—যার জীবনটাই এক আন্দোলনের প্রতীক, এক আলোর যাত্রা।
রূপালি পর্দায় তিনি সবার ভালোবাসার নায়ক, আর বাস্তব জীবনে মানবতার সৈনিক। কাঞ্চন ভাই আজ দূর লন্ডনে চিকিৎসাধীন, এক নিঃশব্দ লড়াইয়ের পথে।”তিনি আরও লেখেন, “দেশের কোটি মানুষের প্রার্থনা রয়েছে তার সঙ্গে, যেন আবার তিনি ফিরে আসেন আগের মতো উদ্যমী, হাস্যোজ্জ্বল, প্রেরণাদায়ী একজন মানুষ হয়ে। মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, কাঞ্চন ভাইকে দ্রুত আরোগ্য দান করুন। আমরা সবাই কাঞ্চন ভাইয়ের পাশে আছি ভালোবাসা ও দোয়ার বন্ধনে।”
শাকিব খানের এই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং হাজার হাজার ভক্ত ও অনুরাগী এতে মন্তব্য করে ইলিয়াস কাঞ্চনের জন্য দোয়া ও ভালোবাসা প্রকাশ করেন।এর আগে ইলিয়াস কাঞ্চনের অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে লন্ডনে ছুটে গিয়েছিলেন তার দীর্ঘদিনের সহকর্মী ও চিত্রনায়িকা রোজিনা।উল্লেখ্য, ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন গত ছয় মাস ধরে লন্ডনে ব্রেন টিউমারের চিকিৎসা নিচ্ছেন। গত আগস্ট মাসে তার মস্তিষ্কে একটি অস্ত্রোপচার করা হয় এবং বর্তমানে তিনি টার্গেট থেরাপির অধীনে রয়েছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন