অক্টোবর ১২, ২০২৫, ০৪:৩৩ পিএম
সম্প্রতি পঞ্চগড়ে দেওয়া এক বক্তব্যে বিদ্যুৎ চলে যাওয়ায় ক্ষিপ্ত হয়ে ‘কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব’—এমন মন্তব্য করে আলোচনায় আসেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম। তার এই আগ্রাসী বক্তব্যের প্রতিক্রিয়ায় এবার দেশের জনপ্রিয় সুরকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ তাকে ‘ঘুমের ওষুধ’ খাওয়ার পরামর্শ দিয়েছেন, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।
রোববার (১২ অক্টোবর) দুপুরে প্রিন্স মাহমুদ তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে সারজিস আলমকে উদ্দেশ্য করে লেখেন, “স্নেহের সারজিস, তোমার সম্ভবত ঘুম কম হচ্ছে। পারস্পরিক সম্পর্ক অবনতি, মানসিক চাপ, উদ্বেগ, অনিদ্রা ও অস্থিরতার কারণে সৃষ্ট বিষণ্ণতায় আর আবেগজনিত জটিলতায় ভুগছ বলে ধারণা করছি।”এরপর তিনি ব্যাঙ্গাত্মক সুরে পরামর্শ দিয়ে আরও লেখেন, “ডাক্তারের পরামর্শমতো রিভোট্রিল ২ এমজি বা লেক্সোটানিল খেয়ে দেখতে পারো।”
প্রিন্স মাহমুদের এই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। অনেকেই সারজিস আলমের উস্কানিমূলক বক্তব্যের সমালোচনা করে প্রিন্স মাহমুদের এই ব্যাঙ্গাত্মক পোস্টকে সমর্থন জানিয়েছেন। আবার কেউ কেউ একজন রাজনৈতিক নেতাকে নিয়ে সংগীতশিল্পীর এমন মন্তব্যকে ভিন্নভাবে দেখছেন।
উল্লেখ্য, শনিবার পঞ্চগড়ে আয়োজিত এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় বিদ্যুৎ চলে গেলে সারজিস আলম ক্ষিপ্ত হয়ে তার বিরোধীদের উদ্দেশে ওই বিতর্কিত মন্তব্যটি করেন, যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন