অক্টোবর ১২, ২০২৫, ০৭:২৫ পিএম
ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসাধীন কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চনের সুস্থতা কামনায় এবার সামিল হলেন চলচ্চিত্র অভিনেতা ও শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল। রোববার (১২ অক্টোবর) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন পোস্টে ইলিয়াস কাঞ্চনের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।ফেসবুক স্ট্যাটাসে ডিপজল লিখেছেন, “ইলিয়াস কাঞ্চন ভাই অসুস্থ। বর্তমানে তিনি লন্ডনে চিকিৎসাধীন।
তার জন্য কোটি মানুষের দোয়া, মহান আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ্য দান করেন এবং আগের মতো উদ্যমী, প্রাণবন্ত রূপে আমাদের মাঝে ফিরিয়ে আনেন। ভালোবাসা ও প্রার্থনায় আমরা আছি তার পাশে।”ডিপজলের এই পোস্টের পর থেকেই ভক্ত ও চলচ্চিত্রপ্রেমীরা মন্তব্যের ঘরে ইলিয়াস কাঞ্চনের জন্য দোয়া ও ভালোবাসা জানাচ্ছেন।এর আগে, ইলিয়াস কাঞ্চনের অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে লন্ডনে গিয়েছিলেন তার দীর্ঘদিনের সহকর্মী ও চিত্রনায়িকা রোজিনা।
সুপারস্টার শাকিব খানও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইলিয়াস কাঞ্চনের জন্য একটি আবেগঘন বার্তা দিয়েছিলেন। ডিপজলের এই পোস্টের মাধ্যমে চলচ্চিত্র শিল্পীদের ঐক্য এবং সহমর্মিতার চিত্রই আরও একবার ফুটে উঠল।উল্লেখ্য, ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন গত ছয় মাস ধরে লন্ডনে ব্রেন টিউমারের চিকিৎসা নিচ্ছেন। গত আগস্ট মাসে তার মস্তিষ্কে একটি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং বর্তমানে তিনি রেডিয়েশন ও কেমোথেরাপির অধীনে রয়েছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন