রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ইলিয়াস কাঞ্চনের জন্য শাবনূরের আবেগঘন বার্তা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৪, ২০২৫, ০২:৪১ পিএম

ইলিয়াস কাঞ্চনের জন্য শাবনূরের আবেগঘন বার্তা

ছবি - সংগৃহীত

ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসাধীন ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চনের সুস্থতা কামনায় এবার সামিল হলেন নব্বই দশকের জনপ্রিয়তম নায়িকা শাবনূর। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন পোস্টে ইলিয়াস কাঞ্চনকে ‘বাস্তব জীবনের নায়ক’ হিসেবে অভিহিত করে তার জন্য দোয়া চেয়েছেন।

ফেসবুক পোস্টে শাবনূর লিখেছেন, “বর্ষীয়ান অভিনেতা, শ্রদ্ধাভাজন ইলিয়াস কাঞ্চন ভাই গুরুতর অসুস্থ—খবরটি শুনে মনটা ভারাক্রান্ত হয়ে গেল। মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ এই মানুষটির হাসিমুখ আজ অসুস্থতার ছায়ায় মলিন, এটা ভাবতেই কষ্ট লাগে। তিনি শুধু পর্দার নায়ক নন, বাস্তব জীবনেরও নায়ক—যিনি নিজের জীবনের ঝুঁকি নিয়েও মানুষকে সচেতন করেছেন, সড়ক নিরাপত্তার আন্দোলনে প্রাণ দিয়েছেন।”

তিনি আরও লেখেন, “জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পাওয়া এই গুণী অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করছি। আমাদের সবার প্রার্থনা ও ভালোবাসায় তিনি এই কঠিন সময় পার করে ইনশাআল্লাহ আমাদের মাঝে ফিরে আসবেন।”

শাবনূরের এই পোস্টটি প্রকাশের পরপরই ভক্ত ও অনুরাগীরা তাতে মন্তব্য করে ইলিয়াস কাঞ্চনের জন্য দোয়া ও ভালোবাসা প্রকাশ করছেন। এর আগে ইলিয়াস কাঞ্চনের অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে লন্ডনে গিয়েছিলেন চিত্রনায়িকা রোজিনা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিয়েছিলেন সুপারস্টার শাকিব খান।উল্লেখ্য, ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন গত ছয় মাস ধরে লন্ডনে ব্রেন টিউমারের চিকিৎসা নিচ্ছেন।