রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

রণবীর-আলিয়ার আলিসান বাড়িতে গৃহপ্রবেশ

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৯, ২০২৫, ১০:২৮ এএম

রণবীর-আলিয়ার আলিসান বাড়িতে গৃহপ্রবেশ

ছবি - সংগৃহীত

প্রায় দুই বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রস্তুত রণবীর কাপুর ও আলিয়া ভাটের স্বপ্নের ‘কৃষ্ণ রাজ’ বাংলো। বলিউডের এই তারকা দম্পতি এই দীপাবলিতেই তাদের কন্যা রাহা কাপুরকে নিয়ে নতুন বাড়িতে গৃহপ্রবেশ করতে চলেছেন। চারদিকে যখন উৎসবের আমেজ, তখন নিজেদের জীবনের এই বিশেষ অধ্যায় উদযাপনের প্রস্তুতিতে ব্যস্ত তারা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, বান্দ্রার পালি হিলে অবস্থিত এই বিলাসবহুল বাংলোটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় ২৫০ কোটি রুপি। যে জমির ওপর এই আটতলা ভবনটি দাঁড়িয়ে আছে, তা কাপুর পরিবারের ঐতিহ্যবাহী সম্পত্তি। এটি প্রথমে রাজ কাপুর ও তার স্ত্রী কৃষ্ণা রাজ কাপুরের মালিকানাধীন ছিল, যা পরবর্তীতে ঋষি কাপুর হয়ে রণবীরের হাতে আসে।

জানা গেছে, এই ‘আলিসান’ বাংলোর প্রতিটি ফ্লোরে রয়েছে ঝুলন্ত বাগান, ছাদ থেকে দেখা যায় আরব সাগরের মনোরম দৃশ্য এবং বাড়ির টপ ফ্লোরে রয়েছে একটি ইনফিনিটি পুল। রণবীর কাপুর নিজের জন্য একটি ফ্লোরে তৈরি করেছেন ছোট্ট সিনেমা হল। তবে সবচেয়ে আকর্ষণীয় তথ্য হলো, এই দম্পতি তাদের আদরের কন্যা রাহার জন্য বাংলোর একটি সম্পূর্ণ ফ্লোর বরাদ্দ রেখেছেন।

এই শুভ মুহূর্তকে সামনে রেখে রণবীর ও আলিয়া সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে তাদের ভক্ত ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানিয়েছেন। তারা বলেন, “এই দীপাবলিতে আমরা জীবনের নতুন অধ্যায় শুরু করছি। সকলকে ধন্যবাদ এভাবে আমাদের পাশে থাকার জন্য। আশা করছি, আগামী দিনেও আমাদের পরিবারের গোপনীয়তা বজায় রাখতে আপনারা সহায়তা করবেন।”