সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

জনপ্রিয় অভিনেতা সতীশ শাহ আর নেই

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৫, ২০২৫, ০৬:২১ পিএম

জনপ্রিয় অভিনেতা সতীশ শাহ আর নেই

ছবি - সংগৃহীত

বলিউডের বর্ষীয়ান ও জনপ্রিয় অভিনেতা সতীশ শাহ আর নেই। শনিবার (২৫ অক্টোবর) ৭৪ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিডনি বিকলজনিত জটিলতায় ভুগছিলেন তিনি। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে নেওয়া হয়, কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি মারা যান। তার মৃত্যুতে ভারতের বিনোদন জগতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার ঘনিষ্ঠ বন্ধু ও চলচ্চিত্র নির্মাতা অশোক পণ্ডিত। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) তিনি এক শোকবার্তায় লেখেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় বন্ধু ও প্রতিভাবান অভিনেতা সতীশ শাহ কিডনি বিকল হওয়ার কারণে কয়েক ঘণ্টা আগে প্রয়াত হয়েছেন। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। ইন্ডাস্ট্রির জন্য এটি এক বিরাট ক্ষতি। ওম শান্তি।

সতীশ শাহের অভিনয় জীবন শুরু হয়েছিল ১৯৭০-এর দশকের শেষের দিকে। ‘অরবিন্দ দেশাই কি আজিব দাস্তান’ (১৯৭৮) এবং ‘গমন’ (১৯৭৯) ছবিতে ছোট চরিত্রে অভিনয় করলেও তিনি প্রথম বড় আকারে আলোচনায় আসেন ১৯৮৩ সালে। নির্মাতা কুন্দন শাহের কালজয়ী স্যাটায়ার-কমেডি ‘জানে ভি দো ইয়ারো’-তে দুর্নীতিগ্রস্ত পৌর কমিশনার ডি’মেলোর ভূমিকায় তার অভিনয় ব্যাপক প্রশংসিত হয়। সেই ছবিতে তিনি নাসিরুদ্দিন শাহ, ওম পুরি এবং পঙ্কজ কাপুরের মতো অভিনেতাদের পাশেও নিজের জাত চিনিয়েছিলেন।

চলচ্চিত্রের পাশাপাশি ভারতীয় টেলিভিশনের জগতেও তিনি ছিলেন এক অপ্রতিদ্বন্দ্বী নাম। বিশেষ করে ‘ইয়ে জো হ্যায় জিন্দেগি’ এবং ‘ফিল্মি চক্কর’ ধারাবাহিকে তার অভিনয় দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নেয়। তবে ২০০০ সালের দিকে তিনি কমেডি অভিনয়ের শিখরে পৌঁছান ‘সারাভাই বনাম সারাভাই’ সিটকমের মাধ্যমে।

সেই শোতে ‘ইন্দ্রবদন সারাভাই’ চরিত্রে তার হাস্যরস ও সংলাপ আজও দর্শকদের প্রিয়। বড় পর্দায়ও তিনি সমান সফল ছিলেন। শাহরুখ খান অভিনীত ‘কাভি হ্যাঁ কাভি না’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘ম্যায় হু না’ এবং ‘ওম শান্তি ওম’ সহ আমির খানের ‘ফানাহ’ ও ‘আকেলে হাম আকেলে তুম’ এর মতো বহু হিট ছবিতে তাকে দেখা গেছে।