অক্টোবর ২৬, ২০২৫, ১২:৫২ পিএম
একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজ দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও বড় পর্দার অভিনয়ে ফিরছেন। তবে এবারের ফেরাটা বেশ চমক নিয়েই। গুঞ্জন উঠেছে, নতুন এই সিনেমায় তার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন এই প্রজন্মের তরুণ অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। পরিচালক মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমা ‘বিদায়’-এ প্রথমবারের মতো দুই প্রজন্মের এই তারকাকে একসঙ্গে দেখা যেতে পারে। ‘বরবাদ’ সিনেমার সাফল্যের পর তরুণ নির্মাতা হৃদয় এই নতুন কাজের মাধ্যমে দর্শকের সামনে হাজির হচ্ছেন।
দীর্ঘদিন ধরেই তার নতুন সিনেমার শুটিং শুরুর খবর শোনা যাচ্ছিল। অবশেষে জানা গেল, সুনামগঞ্জের তাহেরপুরে সিনেমাটির শুটিং শুরু হয়েছে।সিনেমাটির প্রযোজক শাহরিন আক্তার সুমি জানিয়েছেন, গত শুক্রবার থেকে সুনামগঞ্জের বিভিন্ন মনোরম লোকেশনে ‘বিদায়’-এর শুটিং শুরু হয়েছে এবং টানা কাজ চলছে। তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই পুরো শুটিং শেষ করে দর্শকদের একটি সুন্দর সিনেমা উপহার দিতে পারবেন।
তবে সিনেমাটির নাম ‘বিদায়’ প্রস্তাবিত হলেও এখনো চূড়ান্ত হয়নি বলে জানা গেছে। নায়ক-নায়িকার কাস্টিং নিয়েও প্রযোজক কিছুটা রহস্য জিইয়ে রেখেছেন। শাহরিন বলেন, ‘দীঘি আর বাপ্পারাজ হতেও পারে, আবার নাও হতে পারে। সবকিছুই নির্ভর করছে গল্পের প্রয়োজন ও পরিচালকের সিদ্ধান্তের ওপর।’ সিনেমাটি কবে মুক্তি পাবে, সে বিষয়েও এখনই নিশ্চিত করে কিছু বলা হয়নি। প্রযোজক জানান, তারা কোনো উৎসবমুখর সময়ে, যেমন ঈদে, সিনেমাটি মুক্তি দিতে চান, যখন দর্শকরা আনন্দের মেজাজে থাকেন।
সিনেমাটির গল্প প্রসঙ্গে প্রযোজক বলেন, ‘অনেকে জানতে চায়, আমাদের সিনেমার নায়ক কে। আমি বলব, আমাদের গল্পই নায়ক।’ তিনি জানান, এটি একটি মানবিক ও সচেতনতামূলক গল্পনির্ভর সিনেমা, যা পুরো পরিবার একসঙ্গে বসে উপভোগ করতে পারবে।
সবাই খুব মনোযোগ দিয়ে কাজ করছেন এবং মুক্তির পর দর্শক একটি মানসম্মত ও হৃদয়স্পর্শী সিনেমা পাবেন বলে তিনি আশাবাদী। জানা গেছে, সিনেমার শুটিং গত সোমবার থেকে বাপ্পারাজের অংশের কাজের মাধ্যমে শুরু হয়েছে। এই সিনেমায় তাকে একজন চেয়ারম্যানের চরিত্রে দেখা যাবে। বাপ্পারাজ ছাড়াও শুটিংয়ে অংশ নিচ্ছেন জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু এবং ফারুক আহমেদ।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন