রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ঈদে মুক্তি পাচ্ছে পরীমনির ‘ডোডোর গল্প’

বিনোদন ডেস্ক

অক্টোবর ২৭, ২০২৫, ০৩:৩৬ পিএম

ঈদে মুক্তি পাচ্ছে পরীমনির ‘ডোডোর গল্প’

মাতৃত্ব ও পারিবারিক জীবনে সময় দিতে সিনেমার টানা ব্যস্ততা থেকে হঠাৎ করেই বিরতিতে গিয়েছিলেন চিত্রনায়িকা পরীমনি। সেই দীর্ঘ বিরতি ভেঙে তিনি ‘ডোডোর গল্প’ সিনেমার মাধ্যমে অভিনয়ে ফেরেন। অবশেষে সিনেমাটির মুক্তির তারিখ চূড়ান্ত হলো। আগামী ঈদুল ফিতরে ছবিটি প্রেক্ষাগৃহে আসছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।

২০২৩ সালের অক্টোবরে সিনেমাটির শুটিং শুরু হয়েছিল। চলতি বছরের শুরুতে এক ভিডিও বার্তায় পরীমনি জানিয়েছিলেন, দীর্ঘ এক বছর চার মাস ২৩ দিন পর তিনি সিনেমাটির ক্যামেরা ক্লোজ করেছেন। সোমবার সিনেমাটির সহ-প্রযোজক নাজমুল হক ভূঁইয়া এর মুক্তির সময় নিশ্চিত করেন।

নাজমুল হক ভূঁইয়া জানান, সিনেমাটির ডাবিং এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকের (বিজিএম) কাজ শেষ হয়েছে। বর্তমানে কেবল কালার গ্রেডিং ও এডিটিংয়ের চূড়ান্ত পর্যায়ের কাজ বাকি আছে। তিনি বলেন, ‘ইনশাআল্লাহ সব কাজ সম্পন্ন করেই আমরা রোজার ঈদে ছবিটি মুক্তি দেব।’সিনেমাটির গল্প প্রসঙ্গে এই প্রযোজক বলেন, ‘এটা এক আত্মনির্ভরশীল মায়ের দুই দশকের দীর্ঘ লড়াইয়ের গল্প, যেখানে সে তার হারানো সন্তানকে ফিরে পায়। আমরা ছবিটি অনেক যত্ন নিয়ে তৈরি করেছি। বিশ্বাস করি, এটি দর্শকের হৃদয়ে জায়গা করে নেবে।’

‘ডোডোর গল্প’ সিনেমায় পরীমনিকে কেন্দ্রীয় চরিত্র ‘কাজল চৌধুরী’র ভূমিকায় দেখা যাবে। তার বিপরীতে ‘রায়হান’ নামের একজন ফটোগ্রাফারের চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা সাইমন সাদিক।এই সিনেমাটি নিয়ে পরীমনি নিজেও বেশ উচ্ছ্বসিত। তিনি এর আগে জানিয়েছিলেন, ‘এই সিনেমাটি আমার কাছে খুব স্পেশাল। মাতৃত্বকালীন বিরতির পর এই ছবির মাধ্যমেই আবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছি।

তাই নিজের সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করেছি। “ডোডোর গল্প” র সঙ্গে আমার এক ধরনের আবেগ জড়িয়ে আছে। আশা করছি দর্শকরা ছবিটি ভালোবাসবেন।’উল্লেখ্য, ২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া এই সিনেমাটি পরিচালনা করেছেন রেজা ঘটক। তিনি নিজেই এর কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন। সিনেমাটিতে মোট ৮৭ জন শিল্পী অভিনয় করেছেন এবং এর শুটিং সম্পন্ন হয়েছে ২৫টিরও বেশি লোকেশনে।