অক্টোবর ২৮, ২০২৫, ০৪:৫০ পিএম
জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল সোমবার (২৭ অক্টোবর) রাতে তিনি অসুস্থ বোধ করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি ইস্কেমিক স্ট্রোক এবং মাইল্ড হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন।
জানা গেছে, সোমবার রাতে হাসান মাসুদ প্রচণ্ড মাথা ব্যথা অনুভব করেন এবং তার খিঁচুনি শুরু হয়। এরপর তাকে দ্রুত রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে (সাবেক আয়েশা মেমোরিয়াল হাসপাতাল) নিয়ে আসা হয়। হাসপাতালে আনার পর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা তাকে ভর্তির পরামর্শ দেন।
হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক চিকিৎসক আশীষ কুমার চক্রবর্তী হাসান মাসুদের শারীরিক অবস্থা সম্পর্কে গণমাধ্যমকে জানিয়েছেন। তিনি বলেন, ‘হাসান মাসুদ ইস্কেমিক স্ট্রোক করেছেন। তার মাইল্ড হার্ট অ্যাটাকও হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট ও ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের চিকিৎসকদের সমন্বিত তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।’
চিকিৎসক আরও জানান, এ ধরনের রোগীরা সাধারণত প্রাথমিক পর্যায়ে ৪৮ থেকে ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে থাকেন। এই পর্যবেক্ষণ সময় পার হওয়ার পরই তার শারীরিক অবস্থার উন্নতি বা অবনতি এবং পরবর্তী চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত বলা সম্ভব হবে।
এক সময়ের সেনাবাহিনীতে কর্মরত হাসান মাসুদ পরবর্তীতে সাংবাদিকতা পেশায়ও যুক্ত ছিলেন। তবে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন বিনোদন অঙ্গনে পা রেখে। মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত 'ব্যাচেলর' সিনেমার মাধ্যমে তার অভিনয় যাত্রা শুরু হয়। এরপর তিনি 'মেড ইন বাংলাদেশ' সিনেমাতেও অভিনয় করেন। সিনেমার পাশাপাশি তিনি টেলিভিশন নাটকে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন।
তার অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে ‘হাউসফুল’, ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘এফডিসি’, ‘বউ’, ‘খুনসুটি’, ‘গ্র্যাজুয়েট’, ‘রঙের দুনিয়া’, ‘আমাদের সংসার’, ‘গণি সাহেবের শেষ কিছুদিন’, ‘বাতাসের ঘর’ ও ‘প্রভাতী সবুজ সংঘ’ ইত্যাদি। তার সাবলীল অভিনয় দর্শকদের কাছে তাকে অত্যন্ত জনপ্রিয় করে তোলে। তবে একটা সময়ে তিনি হঠাৎ করেই অভিনয় জগৎ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। তার অসুস্থতার খবরে বিনোদন অঙ্গন ও ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সবাই তার দ্রুত সুস্থতা কামনা করছেন।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন