সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

মুক্তি পেল জুবিন গার্গের শেষ সিনেমা, অশ্রুসিক্ত ভক্তরা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৩১, ২০২৫, ০৭:২৭ পিএম

মুক্তি পেল জুবিন গার্গের শেষ সিনেমা, অশ্রুসিক্ত ভক্তরা

প্রয়াত কিংবদন্তী সংগীতশিল্পী, সুরকার ও অভিনেতা জুবিন গার্গের অভিনীত শেষ সিনেমা ‘রই রই বিনালে’ মুক্তি পেয়েছে। আজ শুক্রবার (৩১ অক্টোবর), শিল্পী ঠিক যেদিন সিনেমাটি মুক্তি দিতে চেয়েছিলেন, সেদিনই এটি প্রেক্ষাগৃহে এল। প্রিয় শিল্পীকে বড় পর্দায় শেষবারের মতো দেখার জন্য আসামজুড়ে ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। তবে সব উৎসাহ ছাপিয়ে গেছে আবেগ; সিনেমাটি দেখতে গিয়ে হলের ভেতরেই কেঁদে ফেলেছেন অগণিত ভক্ত-অনুরাগী।সিনেমাটি মুক্তিকে ঘিরে আসামের প্রেক্ষাগৃহগুলোতে টিকিটের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে বলেও খবর পাওয়া গেছে।

তবে ভক্তরা সেইসব উপেক্ষা করেই প্রিয় শিল্পীকে বিদায়ী শ্রদ্ধা জানাতে প্রেক্ষাগৃহে ছুটছেন।জনপ্রিয় অসমিয়া পরিচালক রাজেশ ভূঞা এক সাক্ষাৎকারে জানিয়েছেন, এই ছবিটি জুবিন গার্গের ব্যক্তিগতভাবে খুব প্রিয় একটি প্রজেক্ট ছিল। তিনি বলেন, 'গল্প, সুর, গানের কথা—সব কিছুতেই ছিল তার নিবিড় হাতের ছোঁয়া।' পরিচালক আরও জানান, তারা প্রায় তিন বছর ধরে ছবিটি তৈরি করেছেন। জুবিনের মৃত্যুর আগেই সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর ছাড়া বাকি সব কাজই শেষ হয়ে গিয়েছিল। তাই শিল্পীর প্রতি সম্মান জানিয়ে তার কণ্ঠের আসল রেকর্ডিং অবিকৃত রেখেই ছবিটি মুক্তি দেওয়া হয়েছে।

ছবিটিতে ব্যবহৃত ৮০ থেকে ৯০ শতাংশ সংলাপ ও গানই জুবিন গার্গের নিজের গলায়, যা ল্যাপেল মাইকে রেকর্ড করা হয়েছিল। ফলে দর্শকেরা আবারও প্রেক্ষাগৃহে তার সেই ভরাট ও অনন্য কণ্ঠস্বর শুনতে পাচ্ছেন। জীবনের পর্দা থেকে মৃত্যুর পর্দায় এই আবেগঘন প্রত্যাবর্তন ভক্তদের হৃদয়কে গভীরভাবে নাড়া দিয়েছে।

এদিকে, সিনেমাটির মুক্তির আগে টিকিটের দাম হঠাৎ বাড়িয়ে দেওয়ায় স্থানীয় দর্শকেরা ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকেই অভিযোগ করেছেন, প্রযোজক ও হল কর্তৃপক্ষ জুবিনের মৃত্যুকে ঘিরে তৈরি হওয়া মানুষের এই তীব্র আবেগকে পুঁজি করে ব্যবসা করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভক্ত লিখেছেন, ‘জুবিনদা (Zubeen Da) জীবিত থাকলে এটি কখনোই সহ্য করতেন না।’

জুবিন গার্গ শুধু আসাম নয়, সমগ্র ভারতের এক পরিচিত নাম ছিলেন। চল্লিশটিরও বেশি ভাষায় গান গাওয়া এই বিরল প্রতিভা বলিউডে ‘গ্যাংস্টার’ (২০০৬) সিনেমার ‘ইয়া আলী’ গানের মাধ্যমে ভারতজুড়ে ব্যাপক পরিচিতি লাভ করেছিলেন। ৫২ বছর বয়সী ভারতের অন্যতম জনপ্রিয় এই সংগীতশিল্পী গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।