সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

শিরোনামহীনের নতুন গান ‘ক্লান্ত কফিশপ

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৩১, ২০২৫, ১১:১৬ পিএম

শিরোনামহীনের নতুন গান ‘ক্লান্ত কফিশপ

জনপ্রিয় বাংলা ব্যান্ড শিরোনামহীন তাদের বহুল প্রতীক্ষিত 'বাতিঘর' অ্যালবামের নতুন গান ‘ক্লান্ত কফিশপ’ প্রকাশ করেছে। গানটিতে শহরের যান্ত্রিক জীবনের ক্লান্তি, একাকীত্ব এবং নিঃশব্দ দীর্ঘশ্বাসের সুরকে ধারণ করার চেষ্টা করা হয়েছে। শিরোনামহীনের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে গানটি এরই মধ্যে মুক্তি পেয়েছে।

ব্যান্ডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘ক্লান্ত কফিশপ’ গানটির কথা ও সুর করেছেন দলের প্রধান ভোকালিস্ট শেখ ইশতিয়াক। গানটি লেখার পেছনের গল্পটিও বেশ আকর্ষণীয়। ব্যান্ডের ইউরোপ সফরের সময় শেখ ইশতিয়াক কোনো এক শহরের এক নির্জন কফিশপের নিস্তব্ধতার মধ্যে বসে ক্লান্ত জীবনের প্রতিচ্ছবি খুঁজে পেয়েছিলেন, যা তাকে এই গানটি লিখতে অনুপ্রাণিত করে। গানের কথায় সেই আবহই ফুটে উঠেছে— ‘ব্যস্ত বিকেল, ক্লান্ত কোনো এক কফিশপে, ক্লান্তিবিহীন শুধু ধোঁয়াটে বাতাস’।

গানের কথা ও ভিডিও আর্টওয়ার্কে এক একাকী মানুষের গল্প তুলে ধরা হয়েছে, যিনি জীবনের প্রতিদিনের ব্যস্ততার ভেতরেও এক অচেনা গভীর শূন্যতায় আটকে আছেন। গানটি ঢাকার নয়েজমাইন স্টুডিওতে রেকর্ড করা হয়েছে এবং এর মিক্স ও মাস্টারিংয়ের কাজ করেছেন শফিকুল ইসলাম। গানটির চমৎকার আর্টওয়ার্ক ও টাইপোগ্রাফি ডিজাইন করেছেন তাহজিব ফেরদৌস।

'বাতিঘর' অ্যালবাম থেকে এর আগে ‘প্রিয়তমা’, ‘জানে না কেউ’, 'কতদূর' এবং 'মা'-সহ বেশ কয়েকটি গান শ্রোতাদের কাছে পৌঁছেছে এবং প্রশংসিত হয়েছে। শিরোনামহীন জানিয়েছে, এই অ্যালবামের সর্বশেষ গান হিসেবে 'এই অবেলায় ২' মুক্তি পাবে।

এদিকে, শিরোনামহীন ব্যান্ড বর্তমানে একটি নতুন ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে। দলটি প্রথমবারের মতো কানাডার টরন্টোতে একটি কনসার্টে পারফর্ম করতে যাচ্ছে। আগামী ১ নভেম্বর টরন্টোতে এই কনসার্ট অনুষ্ঠিত হবে। কনসার্টে অংশ নিতে ব্যান্ড সদস্যরা (জিয়াউর রহমান, কাজী আহমেদ শাফিন, শেখ ইশতিয়াক, সাইমন চৌধুরী এবং সুদীপ্ত সিনহা দীপু) শুক্রবার রাতে কানাডার উদ্দেশে দেশ ত্যাগ করেছেন।