শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬,

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃ‍‍`ত্যু

স্বাস্থ্য ডেস্ক

এপ্রিল ৬, ২০২৬, ০৬:৪২ পিএম

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃ‍‍`ত্যু

দেশে হামের প্রকোপ আশঙ্কাজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে এবং এই রোগের উপসর্গ নিয়ে সারা দেশে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী গত এক দিনে সারা দেশে হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৬২ জন নতুন রোগী। 

আজ সোমবার ৬ এপ্রিল অধিদপ্তরের পক্ষ থেকে পাঠানো এক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগজনক পরিস্থিতির কথা জানানো হয়।স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে ২ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিলেন এবং বাকি ৫ জন মারা গেছেন হামের উপসর্গ নিয়ে। 

গত ১৫ মার্চ থেকে শুরু করে আজ ৬ এপ্রিল পর্যন্ত সারা দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৫৩৪ জনে। এর মধ্যে শুধু গত ২৪ ঘণ্টাই নতুন করে সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২৮২ জন। একই সময়ে ল্যাবরেটরিতে পরীক্ষার মাধ্যমে ১৮০ জনের শরীরে হামের অস্তিত্ব নিশ্চিত হওয়া গেছে যা মিলিয়ে বর্তমানে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১ হাজার ৯৯ জন।

অধিদপ্তরের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায় ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৫ হাজার ৯৪০ জন রোগী। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৬ হাজার ১৬ জন। মৃত্যুর পরিসংখ্যানে দেখা যাচ্ছে গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে সবচেয়ে বেশি ৫ জনই ঢাকা বিভাগের বাসিন্দা। জেলার হিসেবেও রাজধানী ঢাকা এখন সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে কারণ গত এক দিনে মৃত ৭ জনের মধ্যে ৫ জনই এই জেলার।

স্বাস্থ্য বিভাগ আরও জানিয়েছে গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মোট ২০ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। অন্যদিকে একই সময়ে হামের উপসর্গ বা সন্দেহজনক অবস্থায় মারা গেছেন ১১৮ জন। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৬২ জন হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়টি জনস্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। চিকিৎসকরা আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে এবং টিকার বিষয়ে আরও সচেতন হওয়ার তাগিদ দিচ্ছেন। বিশেষ করে ঢাকা বিভাগে সংক্রমণ ও মৃত্যুর হার বেশি হওয়ায় সেখানে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।