সেপ্টেম্বর ২০, ২০২৬, ০১:০৮ পিএম
দেশের দুর্গম উপকূল, দ্বীপ ও চরাঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণের উদ্যোগ নিচ্ছে সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয় ও নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এই নৌ-ভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। শুক্রবার বিকেলে রাজধানীর বাবুবাজার সেতুর নিচে ভাসমান হাসপাতাল নির্মাণ পরিকল্পনা পরিদর্শন শেষে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত সাংবাদিকদের এ তথ্য জানান। পরিদর্শনকালে তার সঙ্গে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান উপস্থিত ছিলেন।
দুই মন্ত্রণালয়ের সমন্বয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য এই বিশেষ স্বাস্থ্য পরিকল্পনা সাজানো হচ্ছে।
স্বাস্থ্য ও নৌ-পরিবহন প্রতিমন্ত্রীদ্বয় বাবুবাজার সেতু এলাকায় প্রস্তাবিত ভাসমান তরী পরিদর্শন করেন এবং চিকিৎসাসেবার কারিগরি উপযোগিতা ও সম্ভাব্য কার্যক্রমের নানা দিক খতিয়ে দেখেন। সরকারের স্বাস্থ্য পরিকল্পনার অন্যতম প্রধান লক্ষ্য পিছিয়ে পড়া ও দুর্গম এলাকার মানুষের কাছে মানসম্মত চিকিৎসা পৌঁছে দেওয়া। নতুন এই প্রকল্পের আওতায় দক্ষিণবঙ্গের অন্তত চার থেকে পাঁচটি জেলার ৩০ থেকে ৪০টি দুর্গম উপজেলায় জটিল কিন্তু সচরাচর দেখা যায় এমন রোগের আধুনিক চিকিৎসা ও অস্ত্রোপচারের সুযোগ তৈরি হবে।
অতীতে বেসরকারি উদ্যোগে ক্ষুদ্র পরিসরে ভাসমান হাসপাতালের ভালো কিছু নজির রয়েছে। তবে সরকারি ব্যবস্থাপনায় নৌ-পরিবহন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিদ্যমান সীমিত সম্পদ ও সুযোগ-সুবিধার কার্যকর সমন্বয় ঘটিয়ে একটি সমন্বিত স্বাস্থ্য অবকাঠামো গড়ে তোলার ওপর জোর দিচ্ছেন নীতিনির্ধারকেরা। সরকারি সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে গড়ে তোলা এই উদ্যোগ উপকূলীয় ও বিচ্ছিন্ন জনপদের মানুষের দীর্ঘদিনের চিকিৎসাসংকট দূর করতে যুগান্তকারী ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন