শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

সনি আনল সিনেমা লাইন ক্যামেরা FX5, থাকছে র রেকর্ডিং

তথ্যপ্রযুক্তি ডেস্ক

জুলাই ২৩, ২০২৬, ০৫:৪৮ পিএম

সনি আনল সিনেমা লাইন ক্যামেরা FX5, থাকছে র রেকর্ডিং

প্রযুক্তিপ্রতিষ্ঠান সনি তাদের সিনেমা লাইনের নতুন ফুল-ফ্রেম ক্যামেরা এফএক্স৫ বাজারে আনার ঘোষণা দিয়েছে। নতুন সিএমওএস সেন্সর ও ইন্টারনাল র রেকর্ডিং সুবিধার এই ক্যামেরাটি আগস্ট মাস থেকে বাজারে পাওয়া যাবে।এতে প্রথমবারের মতো ওপেন গেট শ্যুটিং সুবিধা যুক্ত করা হয়েছে।ক্যামেরাটিতে একটি সম্পূর্ণ স্ট্যাকড এক্সমর আরএস সিএমওএস ইমেজ সেন্সর এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন বায়োঞ্জ এক্সআর২ ইমেজ প্রসেসর ব্যবহার করা হয়েছে।

সনি জানিয়েছে, এস-লগথ্রি মোডে শ্যুট করার সময় এটি ১৫ স্টপের বেশি ডাইনামিক রেঞ্জ দিতে সক্ষম। এর তিনটি বেস আইএসও যথাক্রমে ৮০০, চার হাজার এবং ১২ হাজার ৮০০। অন্ধকারে বা কম আলোতে কাজ করার জন্য এই আইএসও এবং নতুন ডুয়াল গেইন শ্যুটিং ফাংশনটি ভিডিওর নয়েজ অনেকটাই কমিয়ে আনবে।চিত্রগ্রাহকরা এখন বাইরের কোনো রেকর্ডার ছাড়াই সরাসরি ক্যামেরার ভেতরে এক্স-ওসিএন ফরম্যাটে ১৬-বিটের র ভিডিও রেকর্ড করতে পারবেন। এলটি সংস্করণের পাশাপাশি নতুন সিওয়ান এবং সিটু কোডেকও এতে সমর্থন করবে। 

রেজল্যুশনের দিক থেকে ক্যামেরাটি ৫কে ফরম্যাটে সেকেন্ডে সর্বোচ্চ ৬০ ফ্রেম ধারণ করতে পারে। এছাড়া ৪কে রেজল্যুশনে ১২০ ফ্রেম এবং ফুল এইচডিতে ২৪০ ফ্রেম পর্যন্ত শ্যুট করার সুযোগ থাকছে।বডির নকশা বেশ ছিমছাম এবং ওজনে হালকা। ফলে হাতে রেখে বা গিম্বলের সাহায্যে সহজেই ভিডিও করা যাবে। ছবি কাঁপুনি রোধ করতে এতে ফাইভ-অ্যাক্সিস অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন এবং নতুন ডায়নামিক অ্যাকটিভ মোড রয়েছে। এর পাশাপাশি আলাদাভাবে কেনা যাবে এমন একটি এক্সএলআর অডিও হ্যান্ডেল এবং ওএলইডি ভিউফাইন্ডারও এনেছে প্রতিষ্ঠানটি। ভিউফাইন্ডারটি চাইলে ক্যামেরার বডি থেকে খুলেও ব্যবহার করা যায় এবং এটি ৯০ ডিগ্রি পর্যন্ত বাঁকানো সম্ভব।

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে এর অটোফোকাস ব্যবস্থা মানুষের চোখ, মাথা ও শরীরের অবস্থান নিখুঁতভাবে শনাক্ত করতে পারে। অন্ধকারেও এই ট্র্যাকিং সমানভাবে কাজ করে। ক্যামেরার পেছনে রয়েছে ৩ দশমিক ৫ ইঞ্চির একটি টাচস্ক্রিন এলসিডি মনিটর।

যারা অ্যানামরফিক লেন্স ব্যবহার করতে ভালোবাসেন, তাদের জন্য এতে বিশেষ ডিস্কুইজ সুবিধা রাখা হয়েছে। ১ দশমিক ৩ থেকে শুরু করে ২ দশমিক শূন্য অনুপাত পর্যন্ত লেন্সগুলো এটি সরাসরি সমর্থন করবে। টানা অনেকক্ষণ ভিডিও করার জন্য ক্যামেরার ভেতরে একটি শক্তিশালী কুলিং ফ্যান বসানো হয়েছে। ধুলা ও আর্দ্রতা প্রতিরোধী হওয়ায় বাইরের প্রতিকূল পরিবেশেও এটি নিশ্চিন্তে ব্যবহার করা যাবে।

শক্তির জন্য সনি এতে নতুন এনপি-এসএ১০০ মডেলের উচ্চ ক্ষমতার ব্যাটারি ব্যবহার করেছে। ফাইল সংরক্ষণের জন্য সিএফএক্সপ্রেস টাইপ-এ মেমরি কার্ড ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। নতুন এই ক্যামেরার শুধু বডির দাম নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার ৪০০ ইউরো। আর এক্সএলআর অডিও হ্যান্ডেলসহ এর দাম পড়বে ছয় হাজার ইউরো।

তথ্যসূত্র: সনি ও সিনেডি