বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬,

লিবিয়া উপকূলে ২৬ বাংলাদেশি নিয়ে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৬, ২০২৫, ০৯:৫৬ এএম

লিবিয়া উপকূলে ২৬ বাংলাদেশি নিয়ে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

ইউরোপে প্রবেশের বিপজ্জনক পথে আবারও ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। লিবিয়ার উপকূলে অভিবাসী ও আশ্রয়প্রার্থীদের বহনকারী দুটি নৌকা ডুবে কমপক্ষে চারজন বাংলাদেশি নাগরিকসহ কয়েকজন মারা গেছেন।

লিবিয়ান রেড ক্রিসেন্ট গতকাল শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, গত বৃহস্পতিবার রাতে উপকূলীয় শহর আল-খুমসের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহত চারজনই বাংলাদেশি ছিলেন।

রেড ক্রিসেন্ট আরও জানিয়েছে, ডুবে যাওয়া দুটি নৌকার মধ্যে একটিতে ২৬ জন বাংলাদেশি যাত্রী ছিলেন, যাদের মধ্যে চারজন মারা যান।

আল-খুমস শহরটি লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে প্রায় ১১৮ কিলোমিটার পূর্বে অবস্থিত এবং এটি ইউরোপে যেতে চাওয়া অভিবাসীদের জন্য একটি প্রধান ট্রানজিট রুট হিসেবে পরিচিত।দ্বিতীয় নৌকাটিতে মোট ৬৯ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে দুজন ছিলেন মিসরীয় এবং বাকিরা সুদানের নাগরিক। এই যাত্রীদের মধ্যে আটটি শিশুও ছিল। তবে এই নৌকাটির যাত্রীদের বিষয়ে বিস্তারিত হতাহতের তথ্য রেড ক্রিসেন্ট তাৎক্ষণিকভাবে জানায়নি।

২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকেই লিবিয়া ইউরোপে পাড়ি জমাতে চাওয়া অভিবাসী এবং আশ্রয়প্রার্থীদের জন্য একটি বিপজ্জনক কেন্দ্রে পরিণত হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, এই দুর্ঘটনার খবর পাওয়ার পর উপকূলরক্ষী এবং আল-খুমস বন্দর নিরাপত্তা সংস্থা দ্রুত উদ্ধার অভিযানে অংশ নেয়। পরবর্তীতে উদ্ধার হওয়া লাশগুলো শহরের পাবলিক প্রসিকিউশনের নির্দেশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে, এই ঘটনার আগেও গত বুধবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছিল, লিবিয়া উপকূলে একটি রাবার নৌকা ডুবে যাওয়ার পর কমপক্ষে ৪২ জন অভিবাসী নিখোঁজ হয়েছেন এবং তাদের আর কেউ বেঁচে নেই বলেই আশঙ্কা করা হচ্ছে। পরপর এমন নৌকাডুবির ঘটনা ভূমধ্যসাগর রুটে অভিবাসী সংকটের ভয়াবহতা নতুন করে সামনে আনল।