নভেম্বর ২৪, ২০২৫, ১১:২৩ পিএম
আন্দামান সাগর এবং মালাক্কা প্রণালিতে সৃষ্ট একটি নিম্নচাপ দ্রুত গতিতে শক্তি সঞ্চয় করে বর্তমানে বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে। ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) পূর্বাভাস দিয়েছে যে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই এই নিম্নচাপটি একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে, যার নাম হবে 'সেনিয়ার'।
এই আগাম বিপদের কথা মাথায় রেখে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ, তামিলনাড়ু ও পদুচেরিসহ একাধিক এলাকায় সতর্কতা জারি করেছে আইএমডি।
ভারতীয় আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী, মালাক্কা প্রণালির কেন্দ্রীয় অংশে উচ্চস্তরের বায়ুচক্রবাতের প্রভাবে সোমবার স্থানীয় সময় সকাল ৮টা ৩০ মিনিটে মালাক্কা প্রণালি ও দক্ষিণ আন্দামান সাগর এলাকায় এই নিম্নচাপটি সৃষ্টি হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, নিম্নচাপটি ২৪ নভেম্বরের মধ্যে গভীর নিম্নচাপে রূপ নিয়ে উত্তর-পশ্চিম দিক বরাবর বঙ্গোপসাগরে প্রবেশ করবে। সেখান থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে এটি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে।ঘূর্ণিঝড়টি যদি সম্পূর্ণরূপে গঠিত হয়, তবে এটির নাম দেওয়া হবে 'সেনিয়ার'। সংযুক্ত আরব আমিরাত আরবি ভাষায় এই নামটি দিয়েছে, যার বাংলা অর্থ হলো 'সিংহ'।
আইএমডির তথ্যমতে, ঘূর্ণিঝড় 'সেনিয়ারে' পরিণত হলে এর সর্বোচ্চ বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে এবং এটি প্রথমে আন্দামান-নিকোবর অঞ্চলের দিকে আঘাত হানতে পারে।এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ, তামিলনাড়ু, কেরালা, লাক্ষাদ্বীপ ও অন্ধ্র প্রদেশের উপকূলীয় অঞ্চলে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আইএমডি জানিয়েছে। স্থানীয় প্রশাসনকে দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন