নভেম্বর ৩০, ২০২৫, ১০:৫২ পিএম
সৌদি আরবে বসবাস, সীমান্ত ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ব্যাপক ধরপাকড় চালানো হয়েছে। এই অভিযানে গত এক সপ্তাহে ২১ হাজার ১৩৪ জনেরও বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।আজ রোববার (৩০ নভেম্বর) গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে একাধিক সরকারি সংস্থার সমন্বয়ে এই অভিযান চালানো হয়।গ্রেপ্তার হওয়া প্রবাসীদের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে:
বসবাস আইন লঙ্ঘন: ১৩ হাজার ১২৮ জন
শ্রম আইন ভঙ্গ: ৩ হাজার ১৮০ জন
সীমান্ত নিরাপত্তা লঙ্ঘন: ৪ হাজার ৮২৬ জন
ফেরত পাঠানো: এ সপ্তাহে ১১ হাজার ৬৭৪ জনকে সৌদি আরব থেকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
বিচারাধীন: দেশটিতে বর্তমানে মোট ৩১ হাজার ৯১ জন বিদেশির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। এদের মধ্যে ২৯ হাজার ৫৩৮ জন পুরুষ ও ১ হাজার ৫৫৩ জন নারী রয়েছেন।
অবৈধ অনুপ্রবেশ: অভিযানে সীমান্তে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ৬৬৭ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৫৭ শতাংশ ইথিওপিয়ান ও ৪২ শতাংশ ইয়েমেনি নাগরিক।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, যেসব ব্যক্তি আইন লঙ্ঘনকারীদের আশ্রয়, পরিবহন বা যে কোনো সহযোগিতা করবে, তাদের ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড, সর্বোচ্চ ১০ লাখ রিয়াল জরিমানা এবং ব্যবহৃত যানবাহন বা সম্পত্তি জব্দ করা হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন