বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

গাজায় বিতর্কিত সশস্ত্র গোষ্ঠীর নেতাকে হত্যা করল ফিলিস্তিনিরা

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৪, ২০২৫, ১০:০৮ পিএম

গাজায় বিতর্কিত সশস্ত্র গোষ্ঠীর নেতাকে হত্যা করল ফিলিস্তিনিরা

ফিলিস্তিনের গাজা উপত্যকার বিতর্কিত সশস্ত্র গোষ্ঠী ‘পপুলার ফোর্সেস’-এর নেতা ইয়াসির আবু শাবাব নিহত হয়েছেন বলে একাধিক ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে। বৃহস্পতিবার প্রথমে ইসরায়েলের চ্যানেল ১৪ তার মৃত্যুর খবর প্রকাশ করে।

চ্যানেল ১২ জানিয়েছে, গাজার স্থানীয় গোষ্ঠীগুলোর সঙ্গে সংঘর্ষে আহত হওয়ার পর দক্ষিণ ইসরায়েলের সোরোকা মেডিকেল সেন্টারে তার মৃত্যু হয়। তবে ইয়াসির আবু শাবাব কীভাবে নিহত হলেন, সেই বিষয়টি এখনো পরিষ্কার নয়।

আবু শাবাব ইসরায়েলের গণহত্যামূলক হামলার মধ্যে কুখ্যাত হয়ে ওঠেন। তার বিরুদ্ধে মানবিক সহায়তা লুটপাট এবং হামাসবিরোধী তৎপরতার অভিযোগ রয়েছে।

ইসরায়েলি কর্মকর্তারা দাবি করেছিলেন যে গাজায় হামাসের বিরুদ্ধে স্থানীয় শক্তি গড়ে তুলতে তারা আবু শাবাবের গোষ্ঠীকে সহযোগিতা করেছেন। আলজাজিরার গাজা সিটি থেকে প্রতিবেদনে হানি মাহমুদ বলেন, গাজায় আবু শাবাব এবং তার গোষ্ঠী মাদক ব্যবসা, সহায়তার ট্রাকের পথ অবরোধ এবং উত্তর গাজায় দুর্ভিক্ষে পড়া মানুষের জন্য পাঠানো ত্রাণ আটকে দেওয়ার অভিযোগে কুখ্যাত ছিল।হামাসের ঘনিষ্ঠ নিরাপত্তা বাহিনী ‘রাদা’ বৃহস্পতিবার তাদের টেলিগ্রাম চ্যানেলে আবু শাবাবের ছবি প্রকাশ করে একটি কড়া বার্তা দিয়েছে: ‘আমরা বলেছিলাম, ইসরায়েল তোমাকে রক্ষা করবে না।

 এই বার্তা থেকে বোঝা যায়, হামাস এই ঘটনার সঙ্গে ইসরায়েলি সংশ্লিষ্টতার বিষয়ে অবগত ছিল। এর আগে গত জুলাই মাসে হামাস-সম্পৃক্ত একটি আদালত তাকে বিশ্বাসঘাতকতা, শত্রু পক্ষের সঙ্গে সহযোগিতা, সশস্ত্র গ্যাং গঠন এবং বিদ্রোহের অভিযোগে আত্মসমর্পণের জন্য ১০ দিনের সময় দিয়েছিল। ইয়াসির আবু শাবাব একসময় গাজায় মাদক-সংক্রান্ত অভিযোগে হামাসের হাতে কারাবন্দীও ছিলেন। এই হত্যাকাণ্ড গাজা উপত্যকার অভ্যন্তরীণ আন্তর্জাতিক রাজনীতি এবং ক্ষমতার সমীকরণে নতুন মোড় আনবে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।